পুলিশ ও ছিনতাইকারী গুলিবিনিময়, ২ জন গুলিবিদ্ধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় একদল ছিনতাইকারী ও পুলিশের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ছিনতাইকারীদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন: গুলিবিদ্ধ আনোয়ার (৩৫) ও মিলন মাঝি (৩০)। আর অন্য দুজন হলেন মিলন মাঝির স্ত্রী রোকসানা আক্তার (২৫) ও রাজিব মিয়া (৩০)।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মৌচাক বাজার থেকে মাওনা যাওয়ার কথা বলে চারজন ছিনতাইকারী একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে। পরে অটোরিকশাটি মৌচাক-ফুলবাড়িয়া সড়কের বহেরাতলি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা অটোরিকশার চালক আবদুল আলীমকে মারধর করে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এ সময়ে আবদুল আলীম আশপাশের লোকজনের মুঠোফোন দিয়ে কালিয়াকৈর থানার পুলিশকে বিষয়টি জানান। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ফুলবাড়িয়া বাজার ক্যাম্পের কাছে ব্যারিকেড দিয়ে অটোরিকশাটি আটক করে। এ সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পুলিশ এক নারীসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং অটোরিকশাটি উদ্ধার করে। আহত ব্যক্তিদের গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।