পুলিশ ও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাই পুলিশ কর্মকর্তা গৌতম রায়ের আসল খুনি। আজ শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক এ কথা বলেছেন।পুলিশ কমিশনার বলেন, সূত্রাপুর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আহাম্মদ আলী ওরফে হায়দার, জাকির হোসেন ওরফে বাইট্টা জাকির ও জামান মল্লিক গৌতম রায়কে হত্যা করে। এ ছাড়া ডিবি এদের সহযোগী হিসেবে অস্ত্র ব্যবসায়ী আবদুর রউফ ভূঁইয়া সোহেলকে গ্রেপ্তার করেছে। তদন্তে এ ঘটনার সঙ্গে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া হায়দার ও জাকিরের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত ১৯ এপ্রিল রাতে ধোলাইখালে খুন হন বংশাল থানার অপারেশন কর্মকর্তা গৌতম রায়। এরপর এ ঘটনায় জড়িত হিসেবে হায়দার, জকির ও মানিক—এ তিনজনের নাম পান বিভিন্ন সংস্থার তদন্ত সংশ্লিষ্টরা। পুলিশ ও ডিবি আহাম্মদ আলী ওরফে হায়দার এবং জাকির ওরফে বাইট্টা জাকির নামে দুজনকে গ্রেপ্তার করে। একই সময়ে র্যাবও হায়দার আলী ও জাকির হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করে। এক মামলায় দুজন হায়দার ও জাকির গ্রেপ্তার হওয়ার ঘটনায় ব্যাপক বিভ্রান্তি দেখা দেয়। পরে আলী আহাম্মদ ও জাকিরকে জিজ্ঞাসাবাদ করে ডিবি জামান মল্লিক ও সোহেলকে গ্রেপ্তার করে। হায়দার-জাকিরের সঙ্গে ঘটনাস্থলে ছিলেন জামান মল্লিক। একটি পিস্তল দিয়ে তিনি এবং আরেকটি পিস্তল দিয়ে জাকির গুলি করেছিলেন পুলিশ কর্মকর্তা গৌতমকে। পরে তাঁদের সহযোগী হিসেবে সোহেলকে গ্রেপ্তার করা হয়। সেখানে মানিক নামের কেউ ছিল না।আজকের সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, ‘র্যাব পুলিশকে সাহায্য করার জন্য হায়দার ও জাকির নামে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে। কিন্তু ওরা ভয় পেয়ে র্যাবের কাছে খুনের ঘটনা স্বীকার করে ফেলে। এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। কিন্তু পরে তদন্তে জানা গেছে তারা কেউ এ ঘটনায় জড়িত নয়।’সংবাদ সম্মেলনে কমিশনার বলেন, জাকির ও আলী আহাম্মদ ডাকাত শহীদের ‘চ্যালা’। তবে তাঁরা কোনো পরিকল্পনা নিয়ে গৌতমকে খুন করেননি। ওই রাতে তাঁরা যখন ইয়াবা সেবন করে নেশা চাঙা রাখতে হাঁটতে বেরিয়ে ছিল তখনই হঠাত্ গৌতম তাঁদের তল্লাশি শুরু করে। প্রতিপক্ষের লোক মনে করে জাকির ও জামান মল্লিক তাঁর ওপর গুলি চালান। তাঁদের কোনো পূর্বপরিকল্পনা ছিল না। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহূত দুটি বিদেশি অস্ত্র পৃথকভাবে অভিযান চালিয়ে উদ্ধার করে ডিবি। অস্ত্র বহনে ব্যবহার করা সোহেলের মালিকানাধীন হোন্ডা সিটি কারটিও জব্দ করেছে ডিবি।