পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রওশনপুরে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল মঙ্গলবার দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় সরকারি কাজে বাধা দান এবং ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান ওরফে কামুকে প্রধান আসামি করে ৫০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।তেঁতুলিয়া থানায় দায়ের করা মামলা দুটির বাদী হলেন জেমকন গ্রুপের মহাব্যবস্থাপক (ভূমি) আবু হাফিজ এবং তেঁতুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান আলী।পুলিশ সূত্র জানায়, কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ও তাঁর ভাই শেখ কামাল, বাবুল ইসলাম, বদিউজ্জামানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় নগদ ১০ লাখ টাকা ও টিভি-ফ্রিজ, ট্রলিসহ এক কোটি তিন লাখ টাকার মালামাল লুটপাট ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তেঁতুলিয়া থানার উপপরিদর্শক সোলায়মান আলীর করা মামলায়ও ইউপি চেয়ারম্যান কামুকে প্রধান আসামি করে ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, গত সোমবার ভোররাতে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয়। এতে সাত পুলিশসহ ৫০ জন আহত হয়।