সারা দেশে আহত ৭৮, ১০ জনকে সাজা
পুলিশ ও হরতাল-সমর্থকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, গাড়ি ভাঙচুর
নারায়ণগঞ্জ, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেয়। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ৭৮ জন।অনেক স্থানে পুলিশের কারণে রাস্তায় দাঁড়াতে পারেনি হরতাল সমর্থকেরা। যেসব স্থানে পিকেটিং হয়েছে, সেখানে হরতাল সমর্থকেরা ৩০টি গাড়ি ও পাঁচটি দোকান ভাঙচুর করেছে। এসব ঘটনায় গতকাল বুধবার ও গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ বিএনপি এবং জামায়াতের ৯৬ নেতা-কর্মীকে আটক করে। এর মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: নারায়ণগঞ্জ: প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় হরতালের সমর্থনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরের নেতৃত্বে মিছিল করার চেষ্টা করা হয়। পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, রড নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাসিরউদ্দিনকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম ও আটক করে। বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রূপগঞ্জের বরবায় অবস্থিত বিএনপির নেতা ও বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের মালিকানাধীন ম্যাক্স গার্মেন্টসে হামলা ও ভাঙচুর চালায়। পুলিশের লাঠিপেটা ও হামলায় তিন সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা বলেন, হামলা ও ভাঙচুরের সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেউ জড়িত নয়।এদিকে ভোর থেকেই বিপুলসংখ্যক পুলিশ শহরের ডিআইটি সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সকালে ওই কার্যালয়ের ভেতর থেকে মাইক খুলে নিয়ে যায় পুলিশ। নোয়াখালী: বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে বের করা মিছিলে হামলা চালিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। গতকাল বিকেল ছয়টার দিকে সেনবাগ শহরের ডাকবাংলো এলাকায় এ ঘটনার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পৌর বিএনপির সভাপতি জাহিদুল হকসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। এর আগে মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে ২৬ জন এবং গতকাল বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এঁদের গতকাল বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ ছাড়া পিকেটাররা গতকাল পৌরবাজারে একটি ট্রাক ও একটি বাস এবং মাইজদী বাজারে একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। বেলা পৌনে ১১টার দিকে শহরের টাউন হলের মোড়ে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবের আহম্মদসহ ১০ জন আহত হন।বেগমগঞ্জ উপজেলার গাবুয়া ও তফাদার পোলের স্থানে গতকাল পিকেটিং করার দায়ে ছাত্রদলের দুই কর্মীকে তিন দিন করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।খুলনা: হরতালের সমর্থনে খুলনা নগরের বিভিন্ন স্থানে মিছিল করার চেষ্টা করলে পুলিশ বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের ১৪ নেতা-কর্মীকে আটক করে। দুপুরে খুলনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করলে ছয় আইনজীবী আহত হন। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ বলেন, গল্লামারী এলাকায় ইজিবাইকের গ্লাস ভাঙচুর করলে লিটন নামের একজনকে এক হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান। সকালে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়ায় খুলনা-সাতক্ষীরা সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে দুজনকে। ডুমুরিয়া সদরে ছাত্রদল ও শ্রমিক দলের দুই কর্মীকে মারধর করেছেন যুবলীগের নেতা-কর্মীরা।বরিশাল: গতকাল ভোর থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা বরিশাল নগরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। দুপুরে পোর্ট রোড ও সিঅ্যান্ডবি রোড এলাকায় একটি ট্রাক ও একটি রিকশা ভাঙচুর করে পিকেটাররা। এদিকে উজিরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে গতকাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বিএনপির নেতা মো. সেলিমসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বলেন, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে গত মঙ্গলবার আটক হওয়া ছয়জনসহ দেড় শতাধিক বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ছয়জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।বাগেরহাট: মঙ্গলবার রাতে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল থেকে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা এবং ওষুধের একটি দোকানসহ পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। হামলায় সদর উপজেলা জামায়াতের আমির হোমিও চিকিৎসক আবদুল লতিফ, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মোহাম্মদসহ আটজন আহত হন। সাতক্ষীরা: হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর আশঙ্কায় গতকাল ভোররাতে শহরের পুরাতন সাতক্ষীরার বাসভবন থেকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু জাহিদ ডাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী: সকাল থেকে মহানগর বিএনপি নগরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। নগরের রাজপাড়া থানা জামায়াতের আমির আবদুল মালেককে সকালে আটক করে পুলিশ। এ ছাড়া পুঠিয়া উপজেলার পশ্চিমভাগ এলাকায় বিএনপির কর্মীরা একটি ট্রাক ভাঙচুর করেন। মাগুরা: মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ শহরের নিজনান্দুয়ালি গ্রাম থেকে পৌরসভার সাবেক কাউন্সিলর ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ এবং যুবদলের নেতা আবদুল লতিফকে আটক করে। এ ব্যাপারে মাগুরা সদর থানার ওসি আলমগীর শেখ প্রথম আলোকে বলেন, ‘ওই দুজনকে হরতালের কারণে আটক করা হয়নি। তাঁদের বিরুদ্ধে অন্য অভিযোগ আছে।’ কথা প্রসঙ্গে ওসি বলেন, ‘হরতাল আহ্বানকারীদের দৌড়ের ওপর রেখেছি। কাউকে পাচ্ছি না।’ ভোলা: হরতাল সমর্থকেরা গতকাল ভোর থেকে শহরের প্রবেশপথে গাছ ফেলে ও মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। তারা উকিলপাড়া ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের কাছে দুটি বাস, একটি ট্রাক, একটি পিকআপ ভ্যানসহ অনেকগুলো ট্যাক্সি ভাঙচুর করেছে। পিকেটার সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। বগুড়া: বেলা ১১টার দিকে শহরের তিনমাথা বাইপাসে একটি বাসের কাচ ভাঙচুরের অভিযোগে ১৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন আকতার শিল্পীকে আটক করে পুলিশ। পরে তাঁকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠান ভ্রাম্যমাণ আদালত। কুড়িগ্রাম: হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় মঙ্গলবার দিবাগত রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বাজারের পাশ থেকে কৃষক দল, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীসহ আটজনকে আটক করে পুলিশ। সিরাজগঞ্জ: হরতালকে সামনে রেখে মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত বিএনপি ও জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। দিনাজপুর: বেলা ১১টার দিকে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে পিকেটিং করার অভিযোগে ছাত্রদলের কর্মী নূর নবী ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠান।ফুলবাড়ী (দিনাজপুর): যানবাহন চলাচলে বাধা ও একটি গাড়ি ভাঙচুরের অভিযোগে ফুলবাড়ী শহরের নিমতলা মোড় নামক স্থানে পুলিশ লাঠিপেটা করে ছাত্রদলের কর্মী কৈলাস চন্দ্র রায়কে আটক করে। পরে তাঁকে এক মাস কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুর: সকাল ১০টার দিকে মধুখালী রেলগেট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ করে হরতালের সমর্থনে সমাবেশ করা নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ভোরে ফরিদপুর শহরের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালায় হরতাল সমর্থকেরা।এ ছাড়া গতকাল ফরিদপুর সদরের কানাইপুরে অবস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মালিকানাধীন ফরিদপুর জুট ফাইবার্স এবং শিবরামপুরে অবস্থিত দলের শিল্পবিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপির সভাপতি জহিরুল হকের মালিকানাধীন বিএস জুট স্পিনার্স হরতালের মধ্যেও যথারীতি খোলা ছিল এবং কাজ হয়েছে।বান্দরবান: যুবদলের কেন্দ্রীয় আদিবাসীবিষয়ক সম্পাদক মংশৈম্রা মারমাকে সকাল ১০টার দিকে বাজারে ঘোরাফেরা করার সময় আটক করে পুলিশ। কবীর আহমেদ নামের এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দুই সমর্থককে আটক করা হয়। সিলেট: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নগরের জিন্দাবাজার ও কোর্ট পয়েন্টে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা পিকেটিং করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও র্যাবের সদস্যরা ধাওয়া করলে নেতা-কর্মীরা মাঠছাড়া হয়ে পড়েন। নরসিংদী: সকালে শহরের বাজিরমোড়ে হরতালের সমর্থনে বের করা বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ভোরে শহরের বাসাইল রেললাইনে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকেরা। ফলে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহসহ কয়েকটি জেলার প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বিচ্ছিন্ন ছিল। গাইবান্ধা: সদর উপজেলার দাড়িয়াপুর ও লক্ষ্মীপুরহাটে দুপুরে জামায়াত ও বিএনপির কর্মীরা রাস্তায় প্রতিবন্ধকতা দিয়ে দুটি বাস ও তিনটি অটোরিকশা ভাঙচুর করেন। খবর পেয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ দাড়িয়াপুর থেকে মাসুদ, মুকুল এবং মোক্তারকে ও লক্ষ্মীপুরহাট থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত আলমগীরকে এক মাসের এবং অন্য তিনজনকে ১০ দিন করে কারাদণ্ডাদেশ দেন। চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আট পুলিশসহ ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।্রআখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহরে গতকাল পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত শহর ছিল থমথমে। তবে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম ও রেলজংশন স্টেশন দিয়ে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। পুলিশ ছাত্রদলের এক কর্মীকে আটক করেছে।কালিয়াকৈর (গাজীপুর): হরতাল সমর্থকেরা গতকাল উপজেলার বিভিন্ন স্থানে তিনটি বাস, একটি ট্রাক ও একটি লেগুনা গাড়ি ভাঙচুর করে।