পুলিশ কমিশনারের ক্ষমা চাওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। আজ সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে জোট নেতারা উপস্থিত ছিলেন। তরিকুল ইসলাম বলেন, ‘আমি শুনেছি, পুলিশ কমিশনার শিবির দেখামাত্র গুলি করার কথা বলেছেন। এরশাদ সাহেবের সময় এ ধরনের প্রশ্ন উঠলে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করেছিল। এভাবে গুলি করার অধিকার কারও নেই। তবে বৈধ অস্ত্র থাকলে যে কেউ কেবল আত্মরক্ষার্থে গুলি করতে পারে। তবে পুলিশ কমিশনার যে বক্তব্য দিয়েছেন তাঁকে আইনের আওতায় আনা উচিত। এটা মানবাধিকার এবং সংবিধানের লঙ্ঘন। তার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেশ ও জাতির মধ্যে হতাশা এবং নৈরাজ্য জন্ম দেবে।’বৈঠক শেষে তরিকুল ইসলাম জানান, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী দিনে আন্দোলন কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার কথা বিবেচনার রেখে জোট নেতারা আন্দোলন কর্মসূচির ব্যাপারে আলোচনা করেছেন। আগামী দুই একদিনে কর্মসূচি চূড়ান্ত করে গণমাধ্যমকে জানানো হবে।গতকাল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘নির্বাচনের কেউ আসুক না আসুক, নির্বাচন হবে। এ বিষয়টি নিয়ে জোট নেতারা বৈঠকে আলোচনা করেছেন বলে জানান তরিকুল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে আন্দোলনকে আরও তীব্র করার জন্য বৈঠকে জোট নেতারা শপথ গ্রহণ করেছেন।