পুলিশ কর্মকর্তাদের পদমর্যাদা কার্যকর
পুলিশ বাহিনীর দুই হাজার ৩০০ জন পরিদর্শক (ইন্সপেক্টর) ও ১২ হাজার ৫০০ জন উপপরিদর্শকের (সাব-ইন্সপেক্টর) পদ উন্নীত করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এখন থেকে পরিদর্শকেরা প্রথম শ্রেণী (নন-গেজেটেড) এবং উপপরিদর্শকেরা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হলেন। সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) প্রথম শ্রেণীর কর্মকর্তা হবেন। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘এটি পুলিশ বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের দাবি। এতে পুলিশের কাজের মান কয়েক গুণ বেড়ে যাবে। পরিদর্শক থেকে নিচের দিকের পুলিশ কর্মকর্তারা নিজেদের পদ নিয়ে যে হীনমন্যতায় ভোগেন, তা-ও দূর হয়ে যাবে।’ রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফারজানা জেসমিন। এর আগে গত মঙ্গলবার পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেন। প্রস্তাবটি অনুমোদন করার পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় এই পদোন্নতির বিষয়ে দ্বিমত পোষণ করে আসছিল। এ পদোন্নতির বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি অত্যন্ত খুশি। এই পদমর্যাদার জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করে আসছিলাম। এখন পুলিশের কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শকেরা তাঁদের কাজে অনেক অনুপ্রাণিত হবে বলে মনে করছি।’