পুলিশ কর্মকর্তাদের পেশাগত প্রশিক্ষণ
পুলিশ বাহিনীর বিভিন্ন পদে নিয়োগদানের সময় তাঁদের সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত মেয়াদের মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে হয়। তবে এই মৌলিক প্রশিক্ষণ একজন পুলিশ সদস্যের জন্য যথেষ্ট হলেও তাঁর দক্ষতা বাড়াতে নিতে হয় নানা প্রশিক্ষণ। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অর্থ) ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাইম আহমেদ বলেন, ‘পুলিশের কর্মকর্তাদের আরও দক্ষ করে তুলতে সরকার বদ্ধপরিকর। আর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য দরকার দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা। এ জন্য দরকার তাঁদের পেশাগত প্রশিক্ষণ (ইন সার্ভিস ট্রেনিং) ও উচ্চতর শিক্ষা। পুলিশ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রয়োজনমাফিক বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি)।স্টাফ কলেজের কার্যক্রম: বাংলাদেশ পুলিশ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের (সহকারী পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব কর্মকর্তা) বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, পুলিশ প্রশাসন ও ব্যবস্থাপনা এবং তৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন, পরিচালনা, ডিপ্লোমা ও ডিগ্রি দেওয়া এর দায়িত্ব। এ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ২০০০ সালে স্থাপিত হয় কলেজটি। তবে প্রতিষ্ঠানটি শুধু পুলিশ বিভাগের কর্মকর্তাদেরই প্রশিক্ষণ দেয় না, অন্যান্য পেশাজীবীর পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য যথোপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এটি একমাত্র পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠান। কারা অংশ নিতে পারে: বাংলাদেশ পুলিশের বাইরেও বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে। র্যাব, বিডিআর, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) জাতীয় নিরাপত্তা বাহিনী (এনএসআই), বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে প্রশিক্ষণ নিতে পারেন। নাইম আহমেদ জানান, ‘প্রতিষ্ঠার পর থেকে পুলিশ স্টাফ কলেজে বিভিন্ন সংস্থার প্রায় দুই হাজার ৫০০ কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। ২০০৯ সালে ২২টি প্রশিক্ষণ কোর্সে অংশ নেন প্রায় ৪৬৪ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা।যাঁদের জন্য প্রশিক্ষণ: পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি), জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি), অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি), পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক এবং উপ-মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের জন্য মূলত পুলিশ স্টাফ কলেজের প্রশিক্ষণ প্রোগ্রাম। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।প্রশিক্ষণ: সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য কলেজটি কোর কোর্সে (প্রধান কোর্স) বিশেষায়িত কোর্স, ফরেন পার্টনারশিপ কোর্সে সেমিনার বা কর্মশালার আয়োজন করে। নাইম আহমেদ জানান, পদমর্যাদা অনুযায়ী এসব প্রশিক্ষণ প্রোগ্রামে কর্মকর্তারা অংশ নেন। স্টাফ কলেজ প্রশিক্ষণের পুরো আয়োজন করে পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের প্রস্তাবিত নামের তালিকা চেয়ে পাঠায়। পুলিশ সদর দপ্তর সারা দেশে কর্মরত ব্যক্তিদের থেকে নির্দিষ্টসংখ্যক কর্মকর্তার তালিকা তৈরি করে স্টাফ কলেজকে দেয় এবং তাদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়।কোর কোর্স প্রশিক্ষণ: পেশায় কর্মরত কর্মকর্তাদের আরও বেশি দক্ষ ও শিক্ষিত করতে সহায়তা করে এই প্রশিক্ষণ। কোর কোর্স প্রশিক্ষণ আবার দুটি আলাদা বিষয়ের ওপর সম্পন্ন হয়। এক. পুলিশ ব্যবস্থাপনা কোর্স। এতে অংশ নিতে পারে সহকারী ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপাররা। সাধারণত এই প্রশিক্ষণ চলে দুই সপ্তাহ। পুলিশের নেতৃত্ব গুণাবলি বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার উন্নয়ন, ব্যবস্থাপনা দক্ষতা এবং অপারেশন ও কমান্ড দক্ষতা বাড়াতে মূলত এই আয়োজন। দুই. পুলিশ আর্থিক ব্যবস্থাপনার পর দুই সপ্তাহ মেয়াদি এই প্রশিক্ষণে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার বা পদমর্যাদার কর্মকর্তারা। কর্মকর্তাদের আর্থিক ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, পুঁজিবাজার, ট্যাক্সসহ বিবিধ বিষয়ে শিক্ষিত করবে প্রোগ্রাম। প্রতিবছর ১০-১২টি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে পিএসসি। বিশেষায়িত প্রশিক্ষণ: বাহিনীর এসপি থেকে শুরু করে অতিরিক্ত মহাপরিদর্শক পর্যন্ত কর্মকর্তাদের জন্য পেশাগত এই বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সের আয়োজন। এ কোর্সের মেয়াদও দুই সপ্তাহ। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষায়িত প্রশিক্ষণ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। প্রতিবছর আট থেকে ১২ বার এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।স্নাতকোত্তর ডিগ্রি: পিএসসি তার শুরু থেকে শুধু প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার আয়োজন করলেও সম্প্রতি তারা শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। রেক্টর বলেন, ‘সদস্যদের আরও শিক্ষিত করতে আমরা ফলিত অপরাধবিদ্যা ও পুলিশ ব্যবস্থাপনা বিষয়ে এ বছরের জুন থেকে স্নাতকোত্তর ডিগ্রি আয়োজন করব।’ এর মেয়াদকাল হবে এক বছর। দুই সেমিস্টারের এই প্রোগ্রামে পড়তে হবে ১৬টি কোর্স। সর্বমোট ক্রেডিট হচ্ছে ৪০। প্রতিবছর ২০-২৫ জন কর্মকর্তা ভর্তি হতে পারবেন। প্রথম সেমিস্টারে অ্যাপ্লাইড ক্রিমিনলজি আর দ্বিতীয় পর্বে পুলিশ ব্যবস্থাপনা পড়তে হবে।প্রশিক্ষক কারা: পুলিশ স্টাফ কলেজের প্রশিক্ষণ প্রোগ্রামে প্রশিক্ষক হিসেবে কাজ করেন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও বিশেষজ্ঞ ব্যক্তিরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিরা, বিচারপতি, সাবেক উপদেষ্টা, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিক, প্রখ্যাত সাংবাদিকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া বিদেশি সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে অংশ নেন।যেহেতু পুলিশ ও অন্যান্য পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন। আর এ কাজটি করে থাকে পুলিশ স্টাফ কলেজ। এখানে প্রশিক্ষণ ও উচ্চতর ডিগ্রি নিয়ে পুলিশ কর্মকর্তা হিসেবে একজন সদস্য আরও বেশি দক্ষ হয়ে ওঠেন। পুলিশ কর্মকর্তারা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অংশ নিতে পারেন।বিস্তারিত যোগাযোগ: পুলিশ স্টাফ কলেজ, সেকশন-১৪, মিরপুর, ঢাকা। ফোন: ৮০২৩২৪২-৪৪। ওয়েবসাইট: www.psc.gov.bd