পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের বিরুদ্ধে পাওয়া অভিযোগ অনুসন্ধানের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া রাজধানীর ১০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ২৫ জন ট্রাফিক সার্জেন্টের সম্পদের বিষয়েও অনুসন্ধান করছে দুদক।দুদক সূত্র জানায়, কিশোরগঞ্জের জনৈক মতিউর রহমান সাবেক আইজিপি নূর মোহাম্মদ সম্পর্কে বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ পাঠান। এসব অভিযোগ দুদকেও আসে। দুদকের উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ এ বিষয়ে অনুসন্ধান করছেন।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা সবেমাত্র অভিযোগ পেয়েছি। অনুসন্ধান করে দেখব, অভিযোগগুলো কতটুকু সত্য বা মিথ্যা। তারপর পরবর্তী সিদ্ধান্ত।’সাবেক আইজিপির বিরুদ্ধে কিশোরগঞ্জের মতিউর রহমানের অভিযোগগুলো হলো, নামে-বেনামে ৩৫০ কোটি টাকার সম্পদসহ রাজধানীর বেইলি রোড ও মোহাম্মদপুরের পিসি কালচার হাউজিংয়ে পাঁচটি ফ্ল্যাট, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁদপুর এলাকায় ২০ বিঘা জমিতে বিলাসবহুল বাড়ি, একই এলাকায় ৪০০ বিঘা ফসলি জমি, খুলনায় ৩৫০ বিঘা জমিতে চিংড়ির চাষ প্রকল্প, গাজীপুরের মাওনায় ৩০ বিঘা জমি, দুবাইতে ‘ফ্লোরিডা’ হোটেলের প্রথম তলার ১০২ নম্বর কক্ষ ভাড়া নিয়ে জনৈক মানিক মিয়ার সঙ্গে যৌথ ব্যবসা এবং ব্যাংকে অন্তত ১০০ কোটি টাকা জমা।যোগাযোগ করা হলে এসব অভিযোগ প্রসঙ্গে নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘চাকরি করে ও পারিবারিক সূত্রে আমি সামান্য কিছু সম্পদের মালিক। এর বাইরে শত শত কোটি টাকার সম্পদের হদিস কেউ দিতে পারলে অভিযোগকারীর নামে আমি সেগুলো রেজিস্ট্রি করে দিয়ে দেব।’নিজ সম্পদের বিবরণ দিয়ে সাবেক আইজিপি বলেন, ‘অভিযোগে যেসব সম্পদের কথা বলা হয়েছে, তার কোনোটাই আমার নেই। সরকারি কর্মকর্তা হিসেবে পূর্বাচলে ১০ কাঠা জমি বরাদ্দ পেয়েছি। স্ত্রীর নামে বেইলি রোডে একটি ফ্ল্যাট রয়েছে, আর একটি আবাসন প্রকল্পে তিন কাঠা জমি কিনেছি। এ ছাড়া গ্রামের বাড়িতে পৈতৃকসূত্রে পাওয়া জমিজমা রয়েছে।’ উল্লেখ্য, নূর মোহাম্মদকে মরক্কোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।দুদক ইতিমধ্যে এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান শেষ করে ফেলেছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। এ সম্পর্কে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ বলেন, ‘আমরা কাজটা মাত্র শুরু করলাম। বিভিন্ন পত্রপত্রিকায় এ সংক্রান্ত যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা তথ্যনির্ভর নয়।’আরও অভিযোগ: সম্পদের হিসাব চেয়ে রমনা থানার ওসি এস এম শিবলী নোমান ও ট্রাফিক সার্জেন্ট মো. আজাহারকে নোটিশ দিয়েছে দুদক। দুদকের উপপরিচালক আকতার হোসেনের সই করা নোটিশে সাত কার্যদিবসের মধ্যে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে। আজ এ সময়সীমা শেষ হচ্ছে। আরও নয় থানার ওসির সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন বলে দুদক সূত্রে জানা গেছে।সূত্র জানায়, গত সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসা অভিযোগের ভিত্তিতে শিবলী নোমানের ব্যাপারে অনুসন্ধানে নামে দুদক। দুদকের উপপরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি অনুসন্ধানী দল প্রায় তিন মাস অনুসন্ধান চালিয়ে ঈগল পরিবহনের অংশীদারিসহ শিবলী নোমানের নামে-বেনামে প্রায় তিন কোটি টাকার সম্পদের অস্তিত্ব খুঁজে পেয়েছে।শিবলী নোমান দুদকের নোটিশ পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘দুদক আমাকে সম্পদের হিসাব দেওয়ার জন্য সাত কার্যদিবস সময় দিয়েছে। তবে আমি আরও সময় চেয়েছি।’এছাড়া অন্য একজন ওসির নামে শেয়ারবাজারে এক কোটি টাকার বেশি বিনিয়োগ, রাজধানীসহ বিভিন্ন স্থানে নামে-বেনামে কয়েক কোটি টাকার সম্পদের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক সূত্র।পৃথক অনুসন্ধানে আরও আট ওসির নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদের অস্তিত্ব পাওয়া গেছে বলে দুদক সূত্র জানিয়েছে।এছাড়া বিভিন্নভাবে পাওয়া অভিযোগের ভিত্তিতে ২৫ জন ট্রাফিক সার্জেন্টের সম্পদের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। সূত্র জানিয়েছে, এসব অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে ট্রাফিক সার্জেন্ট মো. আজাহারকে নোটিশ দেওয়া হয়েছে। অন্যদের কাছে চলতি বা পরের সপ্তাহে নোটিশ যাবে।