পুলিশ কর্মকর্তার আগ্নেয়াস্ত্র খোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়ক অবরোধ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সঞ্জীব সমাদ্দার নামের একজন পুলিশ কর্মকর্তা। হঠাত্ আবিষ্কার করলেন কোমরে বেল্টের সঙ্গে আটকানো খাপে তাঁর সরকারি আগ্নেয়াস্ত্রটি নেই। গতকাল সোমবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলায় সীমাবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। সঞ্জীব সমাদ্দার শেরপুর থানার উপপরিদর্শক (এসআই)।শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল বিকেল চারটার দিকে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতা সীমাবাড়ীতে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সঞ্জীব সেখানে টহলকাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে অবরোধকারীরা একটি মাইক্রোবাসে করে সেখানে হামলা চালালে তিনি তাদের বাধা দেন। এর কিছুক্ষণ পর সঞ্জীব দেখতে পান, তাঁর কোমরে বেল্টের সঙ্গে আটকানো খাপে সরকারি আগ্নেয়াস্ত্রটি নেই। নাইন এমএম চায়না পিস্তলটিতে আটটি গুলি ছিল বলে জানান তিনি।আবু জাররা নামের আরেকজন উপপরিদর্শক (এসআই) জানান, গতকাল রাত তিনটা পর্যন্ত ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশি চালালেও পিস্তলটি পাওয়া যায়নি। আগ্নেয়াস্ত্রটি উদ্ধারে স্থানীয়ভাবে মাইক দিয়ে প্রচারও চালানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় গতকাল রাত ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে।