পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নাখালপাড়ায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে মিনা আক্তার (১৫) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তেজগাঁও থানা পুলিশ ওই বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মিনা বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলামের বাসার গৃহকর্মী ছিল। তেজগাঁও থানা সূত্র জানায়, গতকাল দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপপরিদর্শক (এসআই) ওয়ালিয়ার রহমানের নেতৃত্বে তেজগাঁও থানার এক দল পুলিশ নাখালপাড়ার ৫ নম্বর ন্যাম ভবনের অষ্টম তলার ৭/বি ফ্ল্যাটের বাসিন্দা এসএসএফের সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলামের বাসায় যান। পুলিশ ওই বাসার দক্ষিণ-পূর্ব দিকের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় মিনাকে ঝুলন্ত অবস্থায় পায়। পরে সিলিংফ্যান থেকে মিনার লাশ নামিয়ে মেঝেতে রেখে ওয়ালিয়ার রহমান সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ন্যাম ফ্ল্যাটের ওই বাসায় পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম ও তাঁর স্ত্রী থাকেন। লাশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, মিনার গলায় কালো দাগ দেখা যায়। ওই প্রতিবেদনে বলা হয়, মিনা মানসিকভাবে অসুস্থ ছিল। গতকাল রাতে বাসার সবাই ঘুমিয়ে পড়লে মিনা সবার অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগায়। পরে ওই বাসার লোকজন তেজগাঁও থানায় জানায়। আজ শুক্রবার বিকেলে তেজগাঁও থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় আজ তরিকুল ইসলাম বাদী হয়ে তেজগাঁও থানায় অপমৃত্যুর মামলা করেন। এজাহারে বলা হয়, গতকাল রাত দেড়টার দিকে তরিকুল ইসলাম কর্মস্থলে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী তাঁকে ফোন করে প্রথমে জানান মিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাঁকে একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় পান। পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে বলে এজাহারে উল্লেখ করা হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্ত ও লাশের আলামত দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আজ বিকেলে ৫ নম্বর ন্যাম ভবনের সামনে কর্তব্যরত এসআই শামীমুল ইসলাম সাংবাদিকদের জানান, এই ভবনটিতে সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা থাকেন। তরিকুল ইসলামের বাসায় তালা লাগানো। ওই বাসায় কেউ নেই। মিনার গ্রামের বাড়ি খুলনার পাইকগাছার লারোরিতে। তার বাবার নাম আবদুল হামিদ। আজ সন্ধ্যা পর্যন্ত মিনার লাশ নিতে তার স্বজনদের কেউ ঢাকা মেডিকেলের মর্গে আসেননি।