পুলিশ কাউকে পথ চলাচলে বাধা কিংবা তল্লাশি করতে পারবে না
২০০৩-এর ঘটনা। অকল্যান্ডসের এক সেল সেন্টারে তখন অস্ত্র প্রদর্শনী চলছে। বাইরে চলছে এ আয়োজনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনী। রাস্তায় দাঁড়িয়ে আনমনে বিক্ষোভের ছবি তুলছিলেন লন্ডনের সাংবাদিক পেনি কুইনটন। এ সময় তাঁকে পুলিশ আটকায়। তিনি পরিচয়পত্র দেখালেন। কাজ হলো না। হাজার রকম প্রশ্নে জর্জরিত করে শেষে তাঁকে ২০ হাজার পাউন্ড জরিমানা করল পুলিশ।একই সময়ে সাইকেলে চড়ে লন্ডন থেকে আসছিলেন কেভিন গিল্যান। একই পুলিশ তাঁকেও থামাল। ২০ মিনিট আটকে রেখে ১০ হাজার ৪০০ পাউন্ড জরিমানা করে তারপর তাঁকে ছাড়ল।এ ঘটনায় তাঁরা বাদী হয়ে স্ট্রাসবোর্গ আদালতে সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন, সে মামলার রায়ে ১৩ জানুয়ারি সাতজন বিচারকের সমন্বিত বেঞ্চ সর্বসম্মতিক্রমে আদেশ দিলেন, পুলিশ পথেঘাটে জনসমক্ষে কাউকে থামাতে কিংবা তল্লাশি করতে পারবে না। এটা ব্যক্তির চলাচলের স্বাধীনতা ও গোপনীয়তার অধিকারের লঙ্ঘন। সন্ত্রাসবিরোধী আইন, ২০০০-এর ৪৪ ধারার অধীনে পুলিশ যে কাজ করছে, তা ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই নয়।আদালত তাঁর যুক্তির পক্ষে একটি পরিসংখ্যান তুলে ধরেন। ২০০৯ সালে এ ধারায় প্রতি মাসে গড়ে আট থেকে ১০ হাজার জনকে থামানো ও তল্লাশি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত কারও বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়নি। ২০০৮-এ একই ধারার প্রায় লক্ষাধিক লোককে থামানো ও তল্লাশি চালানো হয় এবং এক হাজার ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়। শেষ পর্যন্ত কাউকে সন্ত্রাসীরূপে চিহ্নিত করা যায়নি। সরকারকে আদালত এ ৪৪ ধারা বাতিল, না হয় এর সংশোধনের নির্দেশ দেন। টাইমস অনলাইন অবলম্বনে আফতাব রাগিব