পুলিশ কোনো নেতার তল্পিবাহক হবেন না: ভূমি প্রতিমন্ত্রী
ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, পুলিশকে নির্দয় আচরণ নয়, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, পুলিশ কোনো নেতা বা ব্যক্তির তল্পিবাহক হবেন না। দলমতের ঊর্ধ্বে থেকে আইন প্রয়োগ ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।আজ শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ী থানার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ভূমি প্রতিমন্ত্রী পুলিশের কাছে জানতে চান, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির এক আন্দোলনকে কেন্দ্র করে পার্বতীপুর ও ফুলবাড়ীর কিছু সড়কে সরকারি অনেক মূল্যবান গাছ কেটে সাবাড় করা হয়েছে। আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু সরকারি গাছ কাটার অভিযোগে দুই থানায় একটি মামলাও হয়নি কেন, তা তিনি পুলিশের কাছে জানতে চান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আজিজুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নজিবর রহমান, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, ১৮১৬ সালে চিন্তামনে ফুলবাড়ী থানার কার্যক্রম শুরু হয়। এরপর ১৮৭৫ সালে ব্রিটিশ আমলে তৈরি তৎকালীন মুনসেফ কোর্টে থানাটি স্থানান্তর করা হয়। তখন থেকেই জরাজীর্ণ ভবনে থানার কার্যক্রম চলছিল।