পুলিশ-জনতা সংঘর্ষে আহত অর্ধশতাধিক, গ্রেপ্তার ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে শিল্প ও বাণিজ্য মেলার শেষ দিনে লটারির ড্র অনুষ্ঠিত না হওয়ার ঘটনায় গত মঙ্গলবার রাতে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা মেলার নিয়ন্ত্রণকক্ষসহ কয়েকটি স্টলে আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন স্টলের মালামালও লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ‘মহানগর স্বেচ্ছাসেবক লীগের’ সভাপতি সাইদুল ইসলাম ওরফে আলমগীরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, মাসব্যাপী মেলায় বিক্রি হওয়া প্রবেশপত্রের লটারির ড্র হওয়ার কথা ছিল মেলার শেষ দিন মঙ্গলবার রাত ১০টায়। লটারিতে মোটরসাইকেলসহ ২৩টি পুরস্কার রয়েছে। নির্ধারিত সময়ে লোকজন মেলার নিয়ন্ত্রণকক্ষে গিয়ে কর্তৃপক্ষের কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করে। এরপর গুজব ছড়িয়ে পড়ে যে লটারির ড্র না করে কর্তৃপক্ষের লোকজন পালিয়েছে। একপর্যায়ে রাত ১০টার দিকে বিক্ষুব্ধ লোকজন মেলার নিয়ন্ত্রণকক্ষ ও চারটি স্টলে আগুন ধরিয়ে দেয়। ভীতসন্ত্রস্ত হয়ে মেলার দর্শনার্থীরা ছোটাছুটি শুরু করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ লোকজনকে লাঠিপেটা করে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ মেলা প্রাঙ্গণের বাইরে কাচারীবাজারসহ জেলা শিক্ষা অফিসের সামনে পর্যন্ত ছড়িয়ে পড়ে। লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশও বেধড়ক লাঠিপেটা করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে পুলিশের পাঁচজন সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে জসিম (২৮), রানা (২৫), জোবায়ের (২৯), হান্নান (২৫), সুমন (৩০), কবির (৩২), যাদু (৩৫), মমিনসহ (৩৫) অনেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিত্সা নেন।মেলায় অংশ নেওয়া শতাধিক স্টলের কর্মচারী-মালিকেরা অভিযোগ করেন, তাঁদের অধিকাংশ মালামাল লুট হয়েছে।মেলার সাজসজ্জার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মচারী বাবলু মিয়া জানান, মেলার স্টলের প্রায় দুই হাজার ঢেউটিন, কাপড় ও বাঁশ লুট হয়েছে।এ ব্যাপারে মেলার আয়োজক রংপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি শাহনেওয়াজ জানান, একটি মহল জনগণকে উসকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। লটারির ড্র না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রবেশপত্র বিক্রির স্বত্ব আরেকটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়া হয়। লটারির আয়োজনের দায়িত্ব ওই প্রতিষ্ঠানের।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, বিক্ষুব্ধ জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন।রংপুরের পুলিশ সুপার সালেহ মো. তানভীর জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই রাতেই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।