পুলিশ থেকে নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের পুলিশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে সংবাদ সংগ্রহের পরামর্শ দিয়েছেন। পুলিশের হাতে প্রথম আলোর তিন ফটোসাংবাদিকসহ সব সাংবাদিক নির্যাতনের ব্যাপারে গতকাল মঙ্গলবার এক প্রশ্নের জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের একটু দূরে থাকার পরামর্শ দেন তিনি।প্রতিমন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে বক্তৃতা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন। অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম কর্মীদের ওপর সন্ত্রাসীদের হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা কারোরই কাম্য নয়। তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ ডিজিটাল বাংলাদেশ ফোরাম আয়োজিত ‘জঙ্গিবাদ ও হরতাল: সমৃদ্ধ দেশ গড়ার অন্তরায়’ শীর্ষক সেমিনারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হরতাল মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের একমাত্র অস্ত্র। কারণ জনগণ যখন তার মৌলিক অধিকার হারিয়ে ফেলে, তখন হরতালের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হয়। আওয়ামী লীগ হরতালকে জনগণের অধিকার আদায়ের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। কিন্তু বিরোধী দল এই অস্ত্রের অপব্যবহার করেছে। এই হাতিয়ারকে ভোঁতা ও অকার্যকর করেছে। তিনি অভিযোগ করেন, ‘বর্তমানে হরতাল আর মানুষের অধিকার আদায়ে ব্যবহার করা হচ্ছে না। হরতাল আর হরতাল নেই, বিরোধী দল এটাকে ভয়তালে পরিণত করেছে। তারা হরতালের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে। এটার বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, গণতন্ত্রকামী সব মানুষকে সোচ্চার হতে হবে।’