পুলিশ দেখে দৌড় দিলেন বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকজনের ভিড়ে গমগম করছে বিয়েবাড়ি। শুরু হয়েছে খাওয়া-দাওয়া। বধূর সাজে সাজানো হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এক নাবালিকাকে। এমন সময় সেখানে হুট করে হাজির একদল পুলিশ। নিমেষে বদলে গেল সে বাড়ির উত্সবমুখর পরিবেশ। তরুণ বর লাফ দিয়ে উঠে ঝেড়ে দিলেন দৌড়। পুলিশ ধরার আগেই তিনি পগারপার। বরযাত্রীরাও নিমেষে হাওয়া। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এভাবে একটি বাল্যবিবাহের অনুষ্ঠান ভণ্ডুল হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর বিলহামলা গ্রামে। এলাকাবাসী জানান, ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে পিরব গ্রামের বাবলু মিয়ার ছেলে রেজাউল করিমের বিয়ে ঠিক হয়। রেজাউল উচ্চমাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র। বাল্যবিবাহের খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায়। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ভণ্ডুল হয় এই বাল্যবিবাহের আয়োজন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ‘বাল্যবিবাহের কুফল বিষয়ে মেয়ের বাবাকে বুঝানো হলে তিনি বিয়ে বন্ধ করে দেন।’ তিনি বলেন, ‘নাবালিকার বিয়ে বন্ধে সচেতনতা বাড়াতে এ ব্যাপারে প্রচারণা জরুরি।’ মেয়ের বাবা প্রথম আলো ডটকমকে বলেন, ‘পাত্র পাওয়ায় মেয়ের বিয়ে ঠিক করি। আইন-কানুন জানতাম না। এখন ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেব না।’