পুলিশ নিয়ে অভিযোগের তদন্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে পুলিশের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, দেশে এক লাখ ৪১ হাজার পুলিশ সদস্য রয়েছে। এর মধ্যে সব পুলিশ যে ভালো হবে, এমন কোনো কথা নেই। কিছু খারাপ পুলিশও রয়েছে। এই খারাপ পুলিশদের বিরুদ্ধে গত সাড়ে তিন বছরে যখনই অভিযোগ উঠেছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে।আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন।পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে কেন ফৌজদারি ব্যবস্থা নেওয়া হচ্ছে না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিছু প্রক্রিয়া আছে। প্রথমে প্রত্যাহার করা হয়, তারপর বরখাস্ত করা হয়। এসব ধাপ শেষে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, এসব নিয়ে তদন্ত চলছে।সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত চলছে। এখন আমি কিছু বলব না।’ বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর বিষয়েও তদন্ত চলছে বলে তিনি জানান।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু পুলিশ থেকে দূরত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে বলেছেন—এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী এমন কোনো কথা বলেননি বলে তাঁকে (সাহারা খাতুন) জানিয়েছেন। তিনি যে কথা বলেননি, সে কথাটা বারবার বলা হচ্ছে।সাম্প্রতিক সময়ের নানা অপ্রীতিকর ঘটনায় মহল-বিশেষের ইন্ধন থাকতে পারে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিশেষ কোনো মহলের ষড়যন্ত্র হতে পারে। প্রতিমন্ত্রী যে কথা বলেননি, সে কথাই ঘুরিয়ে ফিরিয়ে প্রচার করা হচ্ছে।’বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ সন্ত্রাসীকে ধরা। সন্ত্রাসীকে ধরতে গেলে তারা যদি গুলি চালায়, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যটা কী হবে, আপনারাই বলেন? জীবন রক্ষার্থে তখন গুলি চালাতেই হবে।’ মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনার পর একজন ম্যাজিস্ট্রেট প্রতিবেদন করেন। এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়।অভিযোগ আছে, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডে যারা মারা যাচ্ছে, ঘটনার বেশ কিছুদিন আগেই তাদের ধরে আনছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তাঁরা যেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।’