চট্টগ্রামে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি পুলিশ পরিদর্শক জি এম মিজানুর রহমানকে আজ রোববার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। উচ্চ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন নিতে তিনি আজ চট্টগ্রামের মহানগর হাকিমের আদালতে হাজির হন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত থাকা অবস্থায় মিজান গত ১৩ জুলাই ছুটিতে চট্টগ্রাম শহরে বেড়াতে আসেন। ওই দিন বিকেলে তিনি ফয়’স লেক এলাকা থেকে ওই কলেজছাত্রী ও তাঁর ছেলেবন্ধুকে আটক করে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীটির চিত্কারে মিজান পালিয়ে যান। পরদিন স্থানীয় লোকজন ও পুলিশ ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।এ ঘটনা নিয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা হয়। পরে মিজানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ধর্ষণচেষ্টায় সহায়তার অভিযোগে পুলিশ ওই আবাসিক হোটেলের ব্যবস্থাপক এবং হোটেলের এক কর্মীকে গ্রেপ্তার করেছিল।