৯ আগস্ট, ২০১১। নিজ নির্বাচনী এলাকা বাঘা উপজেলায় পদ্মা নদীর ভাঙন পরিদর্শনে যান সাংসদ শাহরিয়ার আলম। আগে-পিছে ছিল পুলিশ পাহারা। এরপর তিনি মনিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের মিলাদ মাহফিলে যোগ দিয়ে রাতেই রাজশাহী শহরে ফেরেন। স্থানীয় লোকজন জানান, যেকোনো কর্মসূচিতে যোগ দিতে নির্বাচনী এলাকা চারঘাট-বাঘা যেতে সরকারি দলের এই সাংসদের পুলিশ পাহারা লাগে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমানও তা স্বীকার করেন।সাংসদ রাজশাহী শহরের বাসিন্দা। নির্বাচনী এলাকায় থাকেন না। সেখানে তাঁর কোনো বাড়িঘরও নেই। এ রকম মাঝেমধ্যে যাও যান, নিরাপত্তাবেষ্টনী ভেদ করে আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের পক্ষে সাংসদের কাছে ঘেঁষা দুঃসাধ্য।সাংসদ শাহরিয়ার আলম নিজেও প্রথম আলোকে বলেছেন, ‘ওই এলাকায় আমার নানাশ্বশুরের বাড়ি ছাড়া আর কিছু নেই। আসলে আমরা যারা ভারত থেকে এখানে এসে বসত গড়েছি, তাদের বেশির ভাগই আওয়ামীবিরোধী। তবে আমি আওয়ামী লীগ করি।’ রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, সেখানকার আওয়ামী লীগের একটি বড় অংশ সাংসদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চারঘাট উপজেলায় গত বছরের ২৪ নভেম্বর সাংসদের বিরুদ্ধে হরতাল পালন করেছে আওয়ামী লীগ।কেন এই হরতাল, জানতে চাইলে চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাফফর হোসেন অভিযোগ করেন, শাহরিয়ার আলম দলীয় সাংসদ হয়েও দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে গত আড়াই বছর স্থানীয় জামায়াত-বিএনপির একাংশের লোকদের নিয়ে কাজ করেছেন। আওয়ামী লীগের ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছেন। মোজাফফর হোসেনের সঙ্গে কথা হচ্ছিল চারঘাট বাজারে। সেখানে এই প্রতিবেদককে ঘিরে জটলার তৈরি হয়। বাজার ঘুরে সাংসদের পক্ষে কথা বলার কাউকে পাওয়া যায়নি।স্থানীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জালালউদ্দিন বিশ্বাস বলেন, সাংসদ দলীয় কর্মীদের তাঁর গার্মেন্টস কারখানার শ্রমিক মনে করেন। দেখা করতে গেলে পুলিশ দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেন। সাংসদের লোকেরা প্রচার করছেন, প্রয়োজনে ১০০ কোটি টাকা ছিটিয়ে দিয়ে তিনি আবার সাংসদ হবেন। দলের নেতা-কর্মীদের তাঁর প্রয়োজন নেই। জালালউদ্দিন বিশ্বাস অভিযোগ করেন, শাহরিয়ার আলম সাংসদ হয়েই সবার আগে জামায়াতে ইসলামী পরিচালিত শিবপুর ভকেশনাল কারিগরি বিদ্যালয়কে এমপিওভুক্তি করান। আর চারঘাট পাইলট উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির পদ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হানুল হককে বাদ দিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বাধ্য করেন। এ নিয়ে এখন মামলা চলছে। রায়হানুল হক প্রথম আলোকে বলেন, ‘গত নির্বাচনে দলীয় প্রার্থিতা ঠিক করতে তৃণমূলের ভোটে নির্বাচিত পাঁচজনের মধ্যে শাহরিয়ার আলমের নাম ছিল না। কেন্দ্র থেকে তিনি মনোনয়ন পাওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের সবাই তাঁকে জেতাতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু জেতার পর তিনি আর দলীয় নেতা-কর্মীদের সহ্য করতে পারছেন না।’অবশ্য সাংসদ শাহরিয়ার আলম এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, চারঘাটের আওয়ামী লীগের একটি অংশ তাঁর বিরুদ্ধে থাকলেও, সাধারণ ভোটাররা পক্ষে আছে।পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থীর বিরোধিতা: চারঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে মেয়র প্রার্থী করা হয় নার্গিস খাতুনকে। কিন্তু সাংসদ দলীয় প্রার্থীর বিরুদ্ধে দাঁড় করান আনোয়ার হোসেনকে। পরে আনোয়ার হোসেনের ভরাডুবির আশঙ্কা দেখে সাংসদ বিএনপির সমর্থিত প্রার্থীকে ভোট দিতে বলেন বলে সেখানকার আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন।অবশ্য ভোটে জিতেছেন আওয়ামী লীগের তৃণমূলের ভোটে প্রার্থী হওয়া নার্গিস খাতুন। আর এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা আওয়ামী লীগের চার নেতাকে বহিষ্কারের ঘোষণা দেন সাংসদ। কিন্তু জেলা কমিটি অনুমোদন না দেওয়ায় তাতে সফল হননি সাংসদ।এ ব্যাপারে সাংসদ শাহরিয়ার আলম বলেন, ‘সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আনোয়ার হোসেন। কিন্তু জিতে গেছেন উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদকের স্ত্রী নার্গিস খাতুন। এর পরও অভিনন্দন জানিয়েছি। কিন্তু তিনি সাড়া দেননি।’দলীয় সূত্রগুলো জানায়, সাংসদের সঙ্গে দলের এ দূরত্বের কারণে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটটির মধ্যে মাত্র তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদে জিতেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। এর মধ্যে সাংসদের সমর্থিত প্রার্থী জিতেছেন মাত্র একটিতে। টিআর-কাবিখার নামে দুর্নীতি: বাঘা-চারঘাটে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (টিআর) নিয়ে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে সাংসদ শাহরিয়ার আলমের বিরুদ্ধে। ২০১০-১১ অর্থবছরে টিআরের নগদ টাকা ও গম মিলিয়ে তিনি প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। প্রথম আলোর অনুসন্ধানে বরাদ্দ পাওয়া চারঘাটের ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২০টি প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বাকি প্রায় দেড় শ প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হলেও ওই সব প্রতিষ্ঠান অর্থ পায়নি। টাকাটা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষে একজন ব্যক্তির নামে। এর মধ্যে চারঘাটে তাঁর ব্যক্তিগত কর্মচারী ফখরুল ইসলাম ও তাঁর চার ভাইয়ের নামে টিআরের টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, বাঘায় সাংসদের বরাদ্দ যাচ্ছে উপজেলার শীর্ষ সন্ত্রাসী তসিকুল ইসলামের তালিকা অনুসারে। ওই থানাতেও টিআরের অর্থ বরাদ্দের নামে চলছে সাংসদের ঘনিষ্ঠদের লুটপাট।কে এই সন্ত্রাসী তসিকুল: রাজশাহীর বাঘা উপজেলা যুবলীগের নেতা, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত তসিকুল ইসলাম। তাঁর বিরুদ্ধে থানায় ১৫টি মামলা ও ১৬টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। গ্রেপ্তার হয়েছিলেন একাধিকবার। পাঁচ বছর জেলে থাকার পর জামিনে বেরিয়ে আবার দাপট কায়েম করেছেন তিনি।তসিকুলের বিরুদ্ধে এলাকাবাসী এসব অভিযোগ জানালেও সাংসদ শাহরিয়ার আলম ও বাঘার মেয়র আক্কাস আলীর চাপে পুলিশ তাঁকে সমীহ করে বলে অভিযোগ আছে। কিছুদিন আগে তসিকুল বাহিনীর সদস্যরা সরকারি দরপত্রে বাধা দেয় ও কয়েকজন সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করে। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাতেও বিষয়টি আলোচিত হয়।তসিকুলের বড় ভাই আলতাফ হোসেন এলাকার আরেক সন্ত্রাসী। তিনি নিজেকে শ্রমিকনেতা বলে দাবি করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শ্রমিকদের মারধর ধরে বাঘা বাস টার্মিনাল দখল করে নেন। এ কাজে তসিকুল তাঁকে সহায়তা করেন। তসিকুলের বড় ভাই আলতাফের ছেলে ফরহাদ ফেনসিডিল ব্যবসায়ী। বাঘার মীরগঞ্জ সীমান্ত থেকে ঈশ্বরদী হয়ে ঢাকায় ফেনসিডিলের চালান আসে এঁদের হাত হয়েই।সন্ত্রাসী তসিকুল নিজকে যুবলীগের নেতা দাবি করলেও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ১৯৯৬ সালে দল তাঁকে বহিষ্কার করে। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৌখিক নির্দেশে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। এরপর আওয়ামী লীগ সরকারের বাকি চার বছর তাঁকে জেলে কাটাতে হয়েছিল। সাংসদ শাহরিয়ার আলম দাবি করেন, ‘তসিকুল আমার লোক নয়, সে যুবলীগ করে সে জন্য আমার অনুষ্ঠানে গেলে তো তাড়িয়ে দেওয়া যায় না। তবে দলের কাজে পৌর মেয়র আক্কাসকে আমি ব্যবহার করি।’