পুলিশ পাহারায় রাস্তার কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির কারণে বন্ধ হয়ে যাওয়া রাজধানীর দয়াগঞ্জে একটি সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে পুলিশ পাহারায়। ঠিকাদারের অভিযোগ, স্থানীয় সাংসদের লোকজন চাঁদা না পেয়ে কাজটি বন্ধ করে দেয়। এর আগে স্থানীয় সাংসদ সানজিদা খানম কাজের মান নিয়ে প্রশ্ন তুলে কার্যাদেশ বাতিল করতে ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীকে চিঠি দেন। ঠিকাদার এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা-৪ আসনের সরকারি দলের সাংসদ সানজিদা খানম প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ ঠিক নয়। আমার নির্বাচনী এলাকায় রাস্তার কাজ হচ্ছিল পাশের আসনের সাংসদের সই করা ডিও লেটার (চাহিদাপত্র) দিয়ে। আমাকে কিছুই জানানো হয়নি। এ কারণে কাজটি বন্ধ করে দিয়েছি।’পাশের আসন ঢাকা-৫-এর সাংসদ হাবিবুর রহমান মোল্লা এ প্রসঙ্গে বলেন, কার সইয়ে কাজ হচ্ছে, সেটা ভাবলে আর এলাকার উন্নয়ন হবে না। এলাকার রাস্তা হচ্ছে, সেটাকেই বেশি গুরুত্ব দিতে হবে।সূত্র জানায়, পুরান ঢাকার দোলাইরপাড় বাসস্ট্যান্ড থেকে দয়াগঞ্জ মোড় পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরা। অনেক দিন এ রাস্তার সংস্কারকাজ বন্ধ ছিল। কিছুদিন আগে এলাকার মানুষের দাবির মুখে সিটি করপোরেশন রাস্তাটি মেরামতের উদ্যোগ নেয়। এরপর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সাফড-শামীমা এন্টারপ্রাইজ (জেভি) নামের একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। দোলাইরপাড় বাসস্ট্যান্ড থেকে দয়াগঞ্জ মোড় পর্যন্ত সোয়া দুই কিলোমিটার রাস্তা মেরামতের জন্য দুই কোটি ৩৯ লাখ টাকা ব্যয় ধরা হয়। সে অনুযায়ী গত ১২ মার্চ এর কার্যাদেশও দেওয়া হয়।ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আহসানুজ্জামান হাসান অভিযোগ করেন, তিনি কাজটি শুরু করার পর থেকেই স্থানীয় সাংসদ এর বিরোধিতা শুরু করেন। প্রথমত, সাংসদের মনোনীত লোক কাজটি পাননি বলে তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাঁকে বাসায় ডেকে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি সাংসদকে জানান, কাজ শেষ করার আগে তিনি এ নিয়ে কিছুই বলতে পারবেন না। এতে করে সাংসদ আরও নাখোশ হন। এরপর ১৪ মে শুক্রবার সন্ধ্যার পর সাংসদ নিজে দলবল নিয়ে সড়কে গিয়ে শ্রমিকদের বকাঝকা শেষে কাজ বন্ধ করে দেন। সাংসদের সঙ্গে থাকা লোকজন এ সময় সড়ক থেকে ৩৫ ড্রাম বিটুমিন তুলে নিয়ে যায়।ঠিকাদার জানান, সাংসদের চাঁদা দাবি ও কাজ বন্ধ করার বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাদের জানান। এ নিয়ে গত রোববার তিনি যাত্রাবাড়ী থানায় জিডি করেন।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ঠিকাদার আহসানুজ্জামান তাঁর কাজে বাধা দেওয়া ও শ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগে জিডি করেছেন। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি। থানার দারোগা মাজহারুল ইসলাম বিষয়টি তদন্ত করছেন বলে তিনি জানান।সংশ্লিষ্ট সূত্র জানায়, সাংসদ কাজটি বন্ধ করার আগে গত ১২ মার্চ ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়ে কার্যাদেশ বাতিল করতে বলেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তাটি সংস্কার করা হচ্ছে। এ কারণে কাজ বন্ধ করার পাশাপাশি কার্যাদেশও বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের প্রস্তাব করেন।এ ব্যাপারে মন্তব্য জানতে বারবার চেষ্টা করেও প্রধান প্রকৌশলী লে. কর্নেল আবদুল কাদিরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।সাংসদ সানজিদা খানম প্রথম আলোকে আরও বলেন, ‘আমি জনগণকে কথা দিয়েছি, রাস্তা আমি করব। এখন অন্য এলাকার এমপি ডিও লেটারে সই করলে সেটা হবে না। কন্ট্রাক্টরের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কাজ বন্ধ না করার জন্য আমার হাতে-পায়ে ধরেছেন। আমি উদ্বোধন করব, তারপর কাজ হবে।’নিম্নমানের সামগ্রী দিয়ে ওই ঠিকাদার রাস্তা বানাচ্ছিলেন অভিযোগ করে সাংসদ বলেন, জনগণের দুর্ভোগ হচ্ছে বলে সিটি করপোরেশন রাস্তার সংস্কারকাজ গতকাল থেকে আবার শুরু করেছে। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা মাত্র ২৫ শতাংশ কাজ এখন করবেন। বাকি কাজ আমার তত্ত্বাবধানেই হবে। এ কারণে আমি অনুমতি দিয়েছি।’