পুলিশ পেটাল এক মাকে!
কুষ্টিয়ার সদর উপজেলার গোপালপুর গ্রামে তাসলিমা খাতুন (৩৮) নামের এক নারীকে পুলিশ পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুই পক্ষের সংঘাত থেকে ছেলেকে রক্ষা করতে গিয়ে এই পিটুনির শিকার হন বলে তাসলিমার দাবি।কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন তাসলিমার ভাষ্যমতে, গতকাল দুপুরে স্থানীয় আবদালপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দুলাল আহমেদ তাঁকে লাঠি দিয়ে পেটান দেন। বিকেলে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করেন। এএসআই দুলাল এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।ঘটনা সম্পর্কে তাসলিমা বলেন, গ্রামে আধিপত্য নিয়ে বিশ্বাস ও মণ্ডল পক্ষের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকাল থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় এলাকার স্থানীয় পুলিশ ক্যাম্পের ১০-১২ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছেন। দুপুরে পুলিশের ভয়ে তাঁর ১০ বছরের ছেলে আরিফুল বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় তিনি ছেলেকে রক্ষা করতে তার পেছনে ছোটেন। ছেলে বাড়ির পাশের ছোট খাল পার হয়ে ওপারে চলে যায়।তাসলিমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুলাল পুলিশ এসে বলে, তুই কি সংবাদ দিতে আইছিস? লোকজন পার করি দিছিস। এর পর হাতের লাঠি দিয়ে পিটাতি থাকে।’ তিনি মাটিতে পড়ে গেলে ওই পুলিশ বলেন, ‘তুই মইরি যা। আর যেন আমার সামনে না পড়িস।’ তাঁর দাবি, পুলিশ তাঁকে কোমর থেকে পা পর্যন্ত পেটায়। মাথায়ও লাঠি দিয়ে আঘাত করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিত্সক মো. মনিরুজ্জামান মানিক প্রথম আলো ডটকমকে বলেন, তাসলিমার কোমর থেকে বাঁ পায়ের নিচের দিকে পিটুনির চিহ্ন দেখা গেছে। কয়েক জায়গায় রক্ত জমে কালো জখম হয়েছে। তাসলিমা পা তুলতে পারছেন না। তাঁর কোমরের এক্স-রে করা হয়েছে।অভিযোগ অস্বীকার করে দুলাল আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘গোপালপুরের ঘটনায় এক মহিলাকে পুলিশ মেরেছে বলে শুনেছি। তবে আমি মারিনি। কোন পুলিশ মেরেছে, তাও জানি না।’ তাঁর দাবি, এলাকায় সবাই তাঁকে চেনে ও জানে। সে কারণে তাঁর নাম এসেছে। তিনি বলেন, ‘মহিলাদের গায়ে হাত তোলার কোনো প্রশ্নই ওঠে না।’ঘটনার ব্যাপারে আবদালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরব আলী বলেন, ‘তিনি জানতে পেরেছেন, পুলিশ একজন মহিলাকে পিটিয়েছে।’