পুলিশ প্রকৃত ঘটনা আড়াল করছে, পরিবারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ কর্মী ইব্রাহিম আহমেদের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করে নিহতের স্ত্রী রীনা ইসলাম বলেছেন, তিনি এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবেন। তাঁর দাবি, পুলিশ পুরো ঘটনা আড়াল করতে গোপনে সাজানো অভিযোগ দিয়ে অপমৃত্যুর মামলা নিয়েছে। তিনি মামলার বাদী ভোলা-৩ আসনের সরকারি দলের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের গাড়িচালক ও তাঁর এক সহকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইব্রাহিমের মৃত্যুর ব্যাপারে অপমৃত্যু মামলা নিতে থানা পুলিশ প্রথমে আপত্তি জানিয়েছিল। পরে চাপের মুখে পুলিশ মামলা নিতে বাধ্য হয়। সরকারি দলের একজন প্রভাবশালী নেতা ওই ঘটনায় মামলা নেওয়ার জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করেন। তাঁর কারণেই পরিবারের সদস্যদের মামলা না নিয়ে পুলিশ সাংসদের গাড়িচালকের মামলা গ্রহণ করে।এদিকে নিহত হওয়ার ঘটনাটিকে দুর্ঘটনা উল্লেখ করে দায়ের করা অপমৃত্যু মামলার সূত্র ধরেই তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। যে স্থানে ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ কোনো সাক্ষী পায়নি বলে জানা গেছে।গত শুক্রবার রাতে আওয়ামী লীগ কর্মী ইব্রাহিমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে পালিয়ে যায় কয়েকজন লোক। এরপর ওই রাতেই সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের গাড়িচালক কামাল হোসেন ওরফে কালার অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা নেয় শেরে বাংলানগর থানার পুলিশ।এ মামলার বিষয়ে নিহতের স্ত্রী রীনা ইসলামের দাবি, এটা একটা মিথ্যা গল্প। তিনি মামলা করতে গেলেও গতকাল রোববার মামলা নেয়নি পুলিশ। রীনা প্রথম আলোকে বলেন, ‘বলা হচ্ছে ঘটনার সময় নুরুন্নবী সাহেব গাড়ির কাছে ছিলেন না। যখন তিনি গাড়িতে ছিলেন না তখন নিশ্চয়ই কারও না কারও জিম্মায় পিস্তলটা দিয়ে গিয়েছিলেন। গুলিভর্তি পিস্তল তো আর যেখানে-সেখানে ফেলে রেখে যাওয়ার জিনিস নয়। সেই পিস্তল ইব্রাহিম কোথায় পেল। আর সেটা নিয়ে নাড়াচাড়াই বা করতে যাবে কেন? পিস্তল তো খেলনা না।’মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘চালকের বিরুদ্ধেই তো মামলা হওয়া উচিত। তিনি আমার স্বামীর লাশ কেন ঢাকা মেডিকেলে ফেলে এলেন। তিনি কেন পরিবারের কাউকে কিছু জানালেন না। সবাইকে না জানিয়ে তিনি থানায় মামলা করতে গেলেন কী মনে করে। যে চালক হাসপাতালে লাশ ফেলে পালালেন, তিনিই কিনা মামলার বাদী। আর পুলিশই বা মামলা নিল কীভাবে।’গতকাল শেরে বাংলানগর থানায় গিয়ে মামলার অভিযোগের কপি নিতে পারেননি নিহতের স্ত্রী রীনা বেগম। এমনকি তাঁকে মামলাও করতে দেয়নি পুলিশ। আজ সোমবার কয়েকজন সংবাদকর্মী থানায় গেলেও তাঁদের এজাহার সম্পর্কে যথেষ্ট তথ্য দেয়নি পুলিশ।এ বিষয়ে শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা মামলার তদন্ত করছি। আদালতের আদেশ পাওয়ার পর জব্দ করা পিস্তল, গুলিসহ বিভিন্ন আলামত যেমন আঙুলের ছাপ, নিহতের ডিএনএ পরীক্ষা ইত্যাদির জন্য নমুনা পাঠানো হবে। এসব পরীক্ষার পর ঘটনা সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পাওয়া যাবে।’তিনি জানান, যে মাইক্রোবাসে ইব্রাহিমকে হাসপাতালে নেওয়া হয়েছিল, ওই মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। সাংসদ নুরুন্নবীসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং হচ্ছে। মামলা তদন্তে কোনো ফাঁক রাখা হচ্ছে না।