পুলিশ বলছে আসামিদের পাওয়া যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর হত্যা মামলার আসামিদের খোঁজ পাচ্ছে না পুলিশ। গোয়েন্দা পুলিশ (ডিবি) গত মঙ্গলবার রাতে এক আসামির খোঁজে নাটোরের পাশের একটি জেলায় অভিযান চালিয়ে সফল হতে পারেনি।জানা গেছে, সানাউল্লাহ নূর হত্যা মামলার তদন্তে তেমন অগ্রগতি হয়নি। পুলিশ গত ১৩ দিনে মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে। গত ৮ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে বিএনপির মিছিলে হামলা চালিয়ে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ ব্যক্তিকে আসামি করে মামলা হয় ।তদন্তের দায়িত্বপ্রাপ্ত ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের সবরকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাদের পাওয়া যাচ্ছে না। আসামিরা নিজেদের মুঠোফোন ব্যবহার বন্ধ রেখেছে। ফলে মুঠোফোনে আড়ি পাতা যাচ্ছে না।’ আবদুল হান্নান বলেন, ‘মঙ্গলবার রাতে আমরা পার্শ্ববর্তী জেলার একটি স্থানে অভিযান পরিচালনা করেছি। সেখানে ভিডিও ফুটেজে শনাক্ত করা একজন আসামির থাকার কথা ছিল। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে আগেই সে সটকে পড়েছে। নতুন নতুন স্থানে অভিযান চালানো হচ্ছে। এদিকে সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূর ঢাকায় সংবাদ সম্মেলনে আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর যে অভিযোগ করেছেন, তা সত্য নয় বলে তদন্ত কর্মকর্তা জানান। তিনি বলেন, ‘সবসময় আমাদের লোকজন ছদ্মবেশে বনপাড়াসহ সম্ভাব্য স্থানে দায়িত্ব পালন করছেন। আসামিদের দেখামাত্র তাদের গ্রেপ্তার করা হবে। অভিযোগ সত্য হলে আসামি অবশ্যই ধরা পড়ত। এর পরও তাঁরা যদি আসামিদের অবস্থান জানাতে পারেন, তাহলে আমরা তাঁদের দেওয়া তথ্যমতে অভিযান চালাব।’ এদিকে ওই ঘটনায় আহত সাংবাদিক তোফাজ্জল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তাঁকে আর্থিকভাবে সহযোগিতার জন্য ইতিমধ্যে অনেকে এগিয়ে এসেছেন। নাটোর-৩ আসনের সাংসদ জুনায়েদ আহমেদ মঙ্গলবার রাতে আহত সাংবাদিকের সঙ্গে দেখা করেন এবং তাঁর চিকিৎসার জন্য ২০ হাজার টাকা অনুদান দেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নাটোর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নাটোর শহরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।