পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আজ মঙ্গলবার ভোরে রাজধানীর রামপুরায় রুবেল হাসান ওরফে হাসান (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, হাসান পেশাদার ছিনতাইকারী। বন্দুকযুদ্ধের সময় সহযোগীদের ছোড়া গুলিতে তিনি নিহত হয়েছেন। আর বিএনপি দাবি করেছে, হাসান রামপুরা থানার ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।ঘটনার বর্ণনা দিয়ে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস মিয়া বলেন, হাজীপাড়ার অ্যাপেক্স গলিতে ছিনতাইকারীদের একটি দল অবস্থান করছে—এমন খবরের ভিত্তিতে ভোর রাত চারটার দিকে সেখানে যায় পুলিশ। পুলিশ উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা ককটেল ছুড়তে শুরু করে। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সঙ্গে থাকা রাবার বুলেট ছোড়ে। কিছুক্ষণ পর ছিনতাইকারীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় হাসানকে পড়ে থাকতে দেখে। সেখান থেকে দুটি তাজা ককটেল ও একটি ছোরা উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে কনস্টেবল শাহীনুর আহত হন। তাঁকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।পুলিশের দাবি, ছিনতাইকারীরা দুটি দলে ভাগ হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ছিল। এ সময় সহযোগীদের গুলিতেই নিহত হন হাসান। তাঁর বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ হাসানকে সকাল ছয়টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাসানের মা হোসনে আরা বেগম বলেন, উত্তরখানের কাচপুরা বাজার এলাকায় তাঁরা থাকেন। সোমবার বেলা ১১টার দিকে চাচা চাঁন মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হন হাসান। রাতে তিনি বাসায় ফেরেননি। এরপর সকালে অজ্ঞাতপরিচয় কেউ ফোন করে তাঁর মৃত্যুর খবর জানায়।হাসানের বাবা গাড়িচালক আবুল মনসুর জানান, তাঁর ছেলে আগে মুদি ও চা দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। মৃত্যুর আগে তিনি বেকার ছিলেন। তিনি জানিয়েছেন, এর আগে ছিনতাইয়ের মামলায় হাসান জেল খেটেছিলেন।এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ভোরে হাসানকে বাসা থেকে গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যেই ক্রসফায়ারে হত্যা করে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফেলে রাখে পুলিশ। এরই মধ্যে এ হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তাকে ছিনতাইকারী অপবাদ দিয়ে বানোয়াট অভিযোগ সাজানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা এই নৃশংস হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই। পাশাপাশি দোষী পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, ‘চিহ্নিত ছিনতাইকারীকে কেউ জোর করে দলের লোক বানালে তো কিছু করার নেই। ফেব্রুয়ারি মাসেও তাকে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। কয়েক দিন আগে জামিনে বেরিয়ে সে ফের ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।’