বিশ্বজিতের হত্যাকাণ্ডের ঘটনায় আজ বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁরা হলেন মো. মাহফুজুর রহমান নাহিদ, এইচ এম কিবরিয়া ও মো. কাইয়ুম মিয়া টিপু। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের দুইটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১১ জন বা তার বেশি গ্রেপ্তার হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে রাজধানীর পলাশী এলাকা থেকে মো. মাহফুজুর রহমান নাহিদকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামে। নাহিদ ২০০৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গোয়েন্দা পুলিশের অপর একটি অভিযানে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকা থেকে এইচ এম কিবরিয়া ও মো. কাইয়ুম মিয়া টিপুকে গ্রেপ্তার করা হয়। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।কিবরিয়ার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ভর্তি হন। তিনি স্নাতক পরীক্ষার্থী। কাইয়ুমের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়িয়াচাড়া গ্রামে। তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ভর্তি হন। বর্তমানে তিনি চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র।অপর শনাক্ত হওয়া আসামিদের গ্রেপ্তারের জন্য সূত্রাপুর থানার পাশাপাশি পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১১ জন বা তার বেশি গ্রেপ্তার হয়ে থাকতে পারে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডে ওই দিন সকাল পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়। তবে সে সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম শাখা) মাসুদুর রহমান দাবি করেন, ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।