পুলিশ বাহিনীতে প্রচারপত্র, ৩১ দফা দাবি, তদন্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বাড়ানোসহ ৩১ দফা দাবি উল্লেখ করে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের মধ্যে গোপনে বিলি করা প্রচারপত্রের (লিফলেট) বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত চেয়েছে পুলিশ সদর দপ্তর। এই প্রচারপত্র কারা, কীভাবে বিলি করেছে, তা এখনো অজানা।‘পুলিশের দাবি আদায়ের ডাক’ শিরোনামে ওই প্রচারপত্র বিলির বিষয়টি গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সমন্বয় কমিটির জরুরি বৈঠকেও আলোচনা হয় এবং এ বিষয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। বৈঠকসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ওই প্রচারণার বিষয়ে এর আগে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। গতকালের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে তদন্তের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানানো হয়। মন্ত্রী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। গত এক মাস পুলিশ সদস্যদের মধ্যে নানাভাবে বিলি করা এ প্রচারপত্রের ৩১ দফা দাবির মধ্যে কনস্টেবলদের ১২ নম্বর ধাপে (গ্রেড) বেতন, মেসে খাওয়ার জন্য তিন হাজার টাকা করে অতিরিক্ত অর্থ দেওয়া, আট বছরের টাইমস্কেল (বিএনপি সরকার তা কেটে নেওয়া হয় প্রচারপত্রে উল্লেখ আছে) এক মাসের মধ্যে দেওয়া এবং বেতনের সঙ্গে ৫০ শতাংশ ঝুঁকিভাতা দেওয়ার দাবি উল্লেখযোগ্য। প্রচারপত্রে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশের সদস্যদের বেতনকাঠামো পার্থক্য না রাখারও দাবি করা হয়। দাবি না মানলে বিডিআরের চেয়ে বড় ঘটনা ঘটবে বলে হুমকি দেওয়া হয়।জানতে চাইলে আইজিপি নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশের কেউ এই প্রচারপত্রের সঙ্গে জড়িত কি না, তা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তার পরও মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে আমরা মতামত চেয়েছি। তারপর দেখা যাবে।’জানা গেছে, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গোপনীয়), র‌্যাবের মহাপরিচালক, সিআইডি ও এসবির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, বিভিন্ন রেঞ্জের উপ-মহাপরিদর্শক, বিভিন্ন জেলার পুলিশ সুপার, মহানগর এলাকার কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই প্রচারপত্র সংযুক্ত করে তাঁদের মতামত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। গত ১৭ জুন এ চিঠি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এর মধ্যে কোনো কোনো জেলার পুলিশ সুপার এসংক্রান্ত প্রতিবেদন সদর দপ্তরে পাঠিয়েছেন বলেও জানা গেছে।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘প্রচারপত্রের ৩১ দফা দাবির ব্যাপারে আমাদের দুজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তাঁরা কনস্টেবলদের সঙ্গে কথা বলে তাঁদের মতামত জানতে পারেন। সরকার কনস্টেবলদের বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।’ দিনাজপুরের পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমানও সেখানকার কনস্টেবলদের সঙ্গে প্রচারপত্রের এসব দাবি নিয়ে কথা বলেছেন। তিনি প্রাপ্ত মতামতসহ সদর দপ্তরে প্রতিবেদন পাঠিয়েছেন বলে জানান। তিনি বলেন, তাঁর জেলার কোনো পুলিশ সদস্য দাবিগুলোর ব্যাপারে আগে থেকে কিছু জানতেন না।ঝালকাঠির পুলিশ সুপার মো. শামসুদ্দীন প্রথম আলোকে বলেন, পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর তাঁর জেলার পুলিশ সদস্যদের মতামত নেওয়া শুরু হয়েছে। শিগগির এ ব্যাপারে ঢাকায় প্রতিবেদন পাঠানো হবে।প্রচারপত্রে পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কিছু অভিযোগও তোলা হয়। একই সঙ্গে পুলিশ মহাপরিদর্শকের পদমর্যাদা সেনাপ্রধানের সমান করার দাবিও করা হয়।প্রচারপত্রে পুলিশকে ব্যঙ্গ করে চলচ্চিত্র, নাটক বা কৌতুক না করা, আইজিপি ছাড়া অন্য কেউ গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা না বলা, সব পুলিশ সদস্যকে বাধ্যতামূলক ইংরেজি শিক্ষা দেওয়া, পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত রাখা ও মন্ত্রী-সাংসদের রাজনৈতিক খবরদারি বন্ধ করা, তদন্ত ছাড়া কোনো ব্যক্তির তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে বরখাস্ত না করা, কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশ সদস্য মারা গেলে তাঁকে শহীদ ঘোষণা, পুলিশকে দিয়ে কোনো কর্মকর্তার বাসায় কাজ না করানো, প্রতি ৫০ জন পুলিশের জন্য দুজন বাবুর্চি, দুজন সুইপার ও দুজন মালি দেওয়া, আট ঘণ্টার বেশি কাজ না করানো, ঢাকা মহানগর পুলিশকে ৫০ শতাংশ ভাতা দেওয়া, বাড়ি ভাড়া ১০০ শতাংশ ও আবাসনের সুব্যবস্থা, পুলিশ হাসপাতালকে আধুনিক হাসপাতালে পরিণত করার দাবি রয়েছে।নেত্রকোনার পুলিশ শেখ নাজমুল আলমের সন্দেহ, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে বাইরের কোনো মহল এ প্রচারপত্র ছেড়ে থাকতে পারে। তিনি প্রথম আলোকে বলেন, ‘তবে সরকার বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে। আমরাও কনস্টেবলদের সঙ্গে এই দাবিগুলো নিয়ে কথা বলে সরকারকে জানাব।’