পুলিশ বাহিনীতে ৩২ হাজার নতুন নিয়োগ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বাহিনীতে বিভিন্ন পদে ৩২ হাজার ৩১ জনকে নতুন নিয়োগ দেওয়া হবে। অপরাধ প্রবণতা রোধ এবং জনসংখ্যা ও পুলিশের আনুপাতিক হার কমানোর লক্ষ্যে পুলিশে জনবল বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশে জনবল বাড়ানোর এ প্রস্তাব অনুমোদন করেছেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রামের সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। এর আগে আট দিন বিরতির পর গতকাল বিকেল সোয়া পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের এসব নতুন জনবল নিয়োগের প্রথম পর্যায়ে ১৩ হাজার ৩৯১ জনের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। শিল্পাঞ্চল পুলিশের জন্য তিন হাজার ২৩ জনের নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। বাকি জনবলও শিগগির নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।অন্য এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকার এরই মধ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে। অপরাধীদের শনাক্ত করার জন্য অত্যাধুনিক সুবিধাসহ ডিএনএ ল্যাবরেটরি স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে। হোসেন মকবুল শাহরিয়ারের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা মহানগরে অপরাধ দমন ও ট্রাফিক-ব্যবস্থা নিয়ন্ত্রণের লক্ষ্যে রাজধানীর ৫৯টি স্থানে ১৫৫টি সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। আপাতত এটি পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। তবে শিগগিরই স্থায়ীভাবে এ কাজ করার ব্যবস্থা করা হবে।বিএনপির সাংসদ আশরাফউদ্দিন নিজানের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় ভারতীয় ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের অনুপ্রবেশ বন্ধে সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিডিআরের নিজস্ব গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে পার্শ্ববর্তী দেশের ফেনসিডিল তৈরির কারখানার অবস্থান চিহ্নিত করা হয়েছে।নয়টি দূতাবাসে হাইকমিশনার নেই: নাজিমউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর মধ্যে নয়টিতে হাইকমিশনার ও রাষ্ট্রদূতের পদ খালি রয়েছে। এ নয়টি হলো নাইরোবি, ইসলামাবাদ, জাকার্তা, আংকারা, কায়রো, মাস্কট, বার্লিন, ব্যাংকক ও ত্রিপোলি। এর মধ্যে চারটিতে শিগগিরই নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে। বাকি মিশনগুলোতেও নিয়োগ দেওয়া হবে।আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের ১২টি মিশনে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর ১০ হাজার ৮৮৫ জন শান্তিরক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। ভবিষ্যতে এ কাজে আরও বেশিসংখ্যক বাংলাদেশিকে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।