পুলিশ বাহিনীতে ৬৭৩টি প্রথম শ্রেণীর পদ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বাহিনীতে প্রথম শ্রেণীর কর্মকর্তার ৬৭৩টি পদ বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, এসব পদের বিভাজন নিয়ে পুলিশের পক্ষ থেকে পাঠানো প্রস্তাবে মহাপরিদর্শক (আইজি) মর্যাদার ১০টি পদ সৃষ্টির কথা বলা হয়েছে।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর পদ বাড়ানোর বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। পদ বিভাজন নিয়ে পুলিশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। তবে কোন পদের সংখ্যা কত হবে, তা ঠিক করবে মন্ত্রণালয়।নিয়ম অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ বৃদ্ধির বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় পদ সৃষ্টির অনুমোদন দিলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর এটি সুশাসনবিষয়ক সচিব কমিটিতে পাঠাবে। এ কমিটির অনুমোদনের পর প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দিলে তা কার্যকর হবে।জানতে চাইলে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম প্রথম আলোকে বলেন, পুলিশে কর্মকর্তা ও সদস্যের মধ্যকার অনুপাত বা ব্যবধান কমাতে কিছু কর্মকর্তার পদ তৈরিতে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। শিল্প পুলিশ, মেরিন পুলিশসহ পুলিশের ক্ষেত্র বিস্তৃত হচ্ছে। এসব ক্ষেত্রে কমান্ডিং কর্মকর্তার প্রয়োজন। সে জন্য কর্মকর্তার সংখ্যা বাড়ানো হচ্ছে।জানা যায়, গত ৩১ মার্চ এইচ টি ইমামের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী পদ বৃদ্ধির বিষয়ে অনুমোদন দেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, পুলিশে পদ বৃদ্ধির বিষয়ে তাঁর কাছে কোনো নথি নেই।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, নতুন ৬৭৩টি পদের বিভাজন নিয়ে সদর দপ্তর থেকে ১৯ এপ্রিল একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। নিম্নস্তরের কর্মচারীর সংখ্যা অনুপাতে এ পদ বিভাজন করা হয়। প্রস্তাবে বলা হয়, ৬৭৩টি পদের মধ্যে আইজি পদমর্যাদার গ্রেড-১ ভুক্ত পদ থাকবে ১০টি। বর্তমানে আইজিপির পদই কেবল গ্রেড-১ ভুক্ত। ওই প্রস্তাবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), এসবি (বিশেষ শাখা), ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাবের মহাপরিচালক, পুলিশ স্টাফ কলেজের রেক্টর এবং এপিবিএনের প্রধানের পদ আইজি পদমর্যাদার করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত ন্যাশনাল ব্যুরো অব কাউন্টার টেররিজমের প্রধানের পদও একই মর্যাদার হবে। এ ছাড়া সমপদমর্যাদার বাকি তিন কর্মকর্তা থাকবেন পুলিশ সদর দপ্তরে।প্রস্তাবে অতিরিক্ত আইজির ২০টি, ডিআইজির ৫২টি, অতিরিক্ত ডিআইজির ৭৫টি, পুলিশ সুপারের (এসপি) ১৫১টি, অতিরিক্ত এসপির ১৮২টি, সিনিয়র সহকারী এসপির ৮৫টি এবং সহকারী এসপির ৯৮টি পদ সৃষ্টির কথা বলা হয়েছে।পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বর্তমানে পুলিশে একটি আইজি, নয়টি অতিরিক্ত আইজি, ২৯টি ডিআইজি, ৩২টি অতিরিক্ত ডিআইজি, ১৯৪টি এসপি, ২৪৪টি অতিরিক্ত এসপি, ২১৭টি সিনিয়র এএসপি এবং ৮৮২টি এএসপির পদ রয়েছে। এগুলো প্রথম শ্রেণীর (ক্যাডার) পদ।সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীতে ৩২ হাজার ৩১ জনকে নিয়োগের প্রস্তাব অনুমোদন করে। এর মধ্যে মঞ্জুরি হওয়া ১৬ হাজার ৫৫৫টি পদের বিপরীতে ২২ মে পর্যন্ত ১৫ হাজার ৮১৬ জনকে নিয়োগ করা হয়েছে। বাকি পদে নিয়োগ-প্রক্রিয়া অব্যাহত রয়েছে।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, নতুন এই জনবলের বেশির ভাগই নিম্নপদের, এ অনুপাতে প্রথম শ্রেণীর কর্মকর্তার পদ খুব কম। এ কারণে প্রথম শ্রেণীর পদসংখ্যা বাড়ানোর জন্য পুলিশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়। পরে প্রধানমন্ত্রী তা অনুমোদন করেন। অনুমোদিত এসব পদের বিভাজন নিয়ে পুলিশের পক্ষ থেকে প্রস্তাব করা হলেও এ বিভাজনের বিষয়ে সিদ্ধান্ত নেবে উচ্চপর্যায়ের কমিটি।জানা গেছে, আইজি মর্যাদারসহ প্রথম শ্রেণীর পদ বাড়ানোর বিষয়ে জনপ্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ভিন্নমত রয়েছে। তাঁরা মনে করেন, এতে পুলিশ লাগামহীন হয়ে পড়তে পারে। তাই তাঁরা চান না, পুলিশে প্রথম শ্রেণীর পদ বাড়ানো হোক।পুলিশের সাবেক আইজি এএসএম শাহজাহান প্রথম আলোকে বলেন, পুলিশে প্রথম শ্রেণীর পদ বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। পুলিশে গ্রেড-১ পদ মাত্র একটি। তাই অনেকের যোগ্যতা থাকার পরও ওই পদে যেতে পারেন না। এতে অনেকের মধ্যে হতাশা কাজ করে। আইজি পদমর্যাদার ও প্রথম শ্রেণীর পদ বৃদ্ধির ফলে হতাশা কমবে। তবে তিনি বলেন, পুলিশকে এখন অপরাধযোদ্ধা বলা যায় না। পেশাদারিত্বে ফিরিয়ে না এনে শুধু পদমর্যাদা বাড়ানো হলে হয়তো রাজনৈতিক কিছু ফায়দা হাসিল হবে, কিন্তু জনস্বার্থ, জবাবদিহি ও মানবাধিকার নিশ্চিত হবে না।