পুলিশ বেষ্টনীর ভেতরে বিএনপির মিছিল
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখলেও আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে পুলিশ বেষ্টনীর ভেতরে মিছিল করেছে বিএনপি।বিএনপির কার্যালয়ের সামনে থেকে মাত্র ৫০ গজ দূরত্বের ভেতরে ১৫ মিনিটের জন্য এই মিছিলে স্লোগান দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ওই সড়কে কোনো যানবাহন চলাচল করেনি।মিছিলে তেমন কোনো নেতা-কর্মী না থাকায় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতারা মিছিলের সামনে থেকে স্লোগান দেন।মিছিল শেষে ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা বলেন, ‘এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। গণমিছিলের কথা আমরা পুলিশসহ সবাইকে জানিয়েছি। তার পরও তারা আমাদের এই কর্মসূচিতে বাধা দিচ্ছে। এটা সরকারের অগণতান্ত্রিক আচরণ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’মিছিল শেষে বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে অবস্থান নিয়েছেন।এদিকে নয়াপল্টনের নাইটিংগেল হোটেলের গলিতে বিকেল সোয়া তিনটার দিকে বিএনপির কিছু নেতা-কর্মী একত্র হওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেছেন বলে জানা গেছে।আজ বেলা আড়াইটা থেকে বিএনপির গণমিছিল শুরু হওয়ার কথা ছিল। তবে সকাল থেকেই পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে।দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে অভিযোগ করেন, সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীদের কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিপুল সংখ্যক পুলিশ দিয়ে সরকার বিএনপির কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে।মির্জা ফখরুল বলেন, ‘পুলিশ বিএনপির কার্যালয়ের দিকে কাউকেই এগোতে দিচ্ছে না। কেউ আসতে চাইলেই ছত্রভঙ্গ করে দিচ্ছে পুলিশ।’ তবে বেলা সাড়ে ১০টার দিকে তিনি পুলিশি বেষ্টনী অতিক্রম করে কার্যালয়ে যান। এদিকে পল্টন থানা-পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে একজন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ। গুপ্তহত্যা বন্ধের দাবি এবং বিরোধী দলের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে বিএনপি আজ গণমিছিলের কর্মসূচি পালনের ঘোষণা দেয়।