পুলিশ মোতায়েন, ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর আজ শুক্রবার পুলিশ মোতায়েন করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে ছাত্রলীগের সামিউল বাশির ও শামীম পক্ষের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ছয়জন গুরুতর আহত হয়।গতকাল রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এই সংঘর্ষ হয়। জানা যায়, গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়। নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সামিউল বাশির পক্ষের নেতা-কর্মীরা নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিতে যায়। ফুল দিয়ে হলে ফিরে এলে শামীম পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে ‘কেন ফুল দিল’ এ নিয়ে কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে।সংঘর্ষের সময় তারা লোহার পাইপ ব্যবহার করে বলে জানা গেছে। এ সময় শামীমসহ তাঁর পক্ষের জিতু, শরীফ ও সাকিব এবং সামিউলসহ তাঁর পক্ষের নাজমুল গুরুতর আহত হন। আহতদের সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে।এ ঘটনার পরপরই প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে তাঁরা হলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে বেশ কিছু লোহার রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন। আবারও সংঘর্ষ এড়াতে আজ সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।