রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পুলিশ-শিক্ষার্থী দফায় দফায় সংঘর্ষে অর্ধশত আহত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীদের শোভাযাত্রার একটি ঘোড়ার গাড়ির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত অর্ধশত লোক আহত হন। দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ সংঘর্ষের কারণে রাজশাহী-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শী, মতিহার থানা ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতকাল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৫ সালে ভর্তি হওয়া তড়িেকৗশল (ইলেকট্রিক্যাল) বিভাগের শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত সমাপনী অনুষ্ঠান ছিল। এর অংশ হিসেবে শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে কয়েকটি ঘোড়ার গাড়িতে করে ক্যাম্পাস থেকে মহানগরে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি মহানগরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় পৌঁছালে একটি ঘোড়ার গাড়ির সঙ্গে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। এতে সমাপনী ব্যাচের কয়েকজন শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হন। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে শ্যামলী পরিবহনের কাউন্টারে গিয়ে ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িত বাসচালকের শাস্তি দাবি করেন। এ নিয়ে সেখানে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পরিবহন শ্রমিকেরা কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে।খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শ্রমিকদের হাত থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে ক্যাম্পাসে নিয়ে আসে। এ ঘটনার প্রতিবাদে দুপুর দেড়টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসসংলগ্ন রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের পাশে কাজলা এলাকায় অবস্থিত শ্যামলী পরিবহনের একটি কাউন্টার ভাঙচুর শুরু করেন। শিক্ষার্থীদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া কাজলা এলাকাসহ ক্যাম্পাস পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পুলিশও শিক্ষার্থীদের ওপর লাঠি পেটা করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের একটি ছোট গাড়ি (পিকআপ ভ্যান) ভাঙচুর করেন। তাঁরা ক্যাম্পাসে অবস্থিত উপাচার্য অধ্যাপক এম সিরাজুল ইসলামের বাড়ি লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করেন।দফায় দফায় সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন তড়িেকৗশল বিভাগের শিক্ষক সেলিম হোসেন, শিক্ষার্থী রবিন, জুয়েল, ফিরোজ, আল আমিন, নুরুজ্জামান, রেজা, সুইট, রতন, কল্লোল, শহীদুল্লাহ, রিপন, হিমেল, সুশান্ত, প্রতীক, মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান, উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান, সরদার নুরুল আমিন, কনস্টেবল শহীদ, তৌহিদ, রুহুল, হাফিজুর, সুমন প্রমুখ। সংঘর্ষের ছবি তুলতে গিয়ে প্রথম আলোর রাজশাহীর আলোকচিত্রী আজাহার উদ্দিন পুলিশের লাঠিপেটায় মারাত্মক আহত হন। আহত শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।বিকেল চারটার দিকে উপাচার্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবির, সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নেতা আল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ভূত পরিস্থিতি শান্ত করেন।এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় বাসটার্মিনালে শ্যামলী পরিবহনের কাউন্টারের ব্যবস্থাপক আসলাম হোসেন বলেন, প্রথমে ঘটনাটির সুষ্ঠু মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের বাড়াবাড়ির কারণে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি মালিকপক্ষকে জানানো হয়েছে।উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনার জের ধরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করাসহ বাসের কাউন্টারের ভাঙচুর করতে গেলে পুলিশ বাধা দেয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওসি তোফাজ্জল হোসেন খান দাবি করেন, ওই সংঘর্ষে তিনিসহ অন্তত ৩৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।