পুলিশ-শিবির সংঘর্ষে আহত ১৮, জামায়াত কার্যালয়ে আগুন
গাইবান্ধা শহরে আজ বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছে। এ সময় জেলা জামায়াতের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে জেলা জামায়াতের আমির আবদুর রহিমসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি শহর ঘুরে স্টেশন রোডে যাওয়ার পথে শহরের দাস বেকারির মোড়ে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে শিবিরের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ অন্তত ১৮ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ও আটটি রাবার বুলেট নিক্ষেপ করে। পরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রেল স্টেশন কার্যালয়ের জানালা-দরজা ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করে।এদিকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেলা জামায়াত কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন কয়েকজন যুবক। এতে কার্যালয়ের আসবাব ও যাবতীয় মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।