শ্রমিক অসন্তোষের কারণে আজ রোববার সকালে ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় এনভয় গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা মজুরির দাবিতে পাঁচটি কারখানায় ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় ১০ জন পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।জানা গেছে, আজ সকালে এনভয় গ্রুপের তিনটি কারখানার প্রায় আট হাজার শ্রমিক মালিক পক্ষের কাছে সর্বনিম্ন মজুরি পাঁচ হাজার টাকা দাবি করেন। কর্তৃপক্ষ এ দাবি মেনে না নিলে শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকে।এ সময় কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে শ্রমিকদের চলে যেতে বললে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকেরা সকাল নয়টার দিকে একযোগে কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে কারখানার সামনে অবস্থান নেওয়া পুলিশ তাঁদের ধাওয়া করে, পরে শ্রমিকেরাও পুলিশকে পাল্টা ধাওয়া করেন।পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ছত্রভঙ্গ হয়ে শ্রমিকেরা জামগড়া এলাকার ডিকে গ্রুপ, ওয়াশ অ্যান্ড ডিজাইন লিমিটেড, স্ক্যান্ডাক, দি গ্রিন লাইফ এবং দি রোজ ড্রেস কারখানা লক্ষ্য করে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর করেন। পুলিশ এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের আবারও ধাওয়া করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়। শ্রমিকেরা পুলিশদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে এর জবাবে পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাটিপেটা করতে থাকে। এভাবে প্রায় এক ঘণ্টা পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলতে থাকে। এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন এবং আশুলিয়া থানার শিক্ষানবিশ উপপরিদর্শক শহিদুল হাসানসহ ১০ জন পুলিশ এবং কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত হয়েছে। এরপর সকাল ১০টার দিকে পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে। শ্রমিক অসন্তোষের কারণে জামগড়া এলাকার ডিকে গ্রুপ, ওয়াশ অ্যান্ড ডিজাইন লিমিটেড, স্ক্যান্ডাক, দি গ্রিন লাইফ এবং দি রোজ ড্রেস কারখানা ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। বর্তমানে এখানে থমথমে অবস্থা বিরাজ করছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।