চট্টগ্রাম বন্দরে আজ বুধবার বিকেল চারটা থেকে মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণার পরও আন্দোলনরত শ্রমিকেরা মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে তা ভেঙে দিয়েছে। বন্দরের নিমতলা এলাকায় বিকেল সোয়া চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ পাল্টা কাঁদানেগ্যাস ছোড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার আবুল কাশেম জানান, ২৯ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মিছিলটি বন্দর এলাকায় কাস্টমস মোড়ে গেলে পুলিশ তা আটকে দেয়। পরে সেটি ফকিরহাট এলাকার দিকে গেলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনরত শ্রমিকেরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। সেনাবাহিনী এখন বন্দরের ভেতর অবস্থান নিয়েছে। পুলিশ অধ্যাদেশের আওতায় চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার আবুল কাশেম এ নিষেধাজ্ঞা জারি করেছেন। বন্দরে গোলযোগের কারণে আগ্রাবাদ থেকে বিমানবন্দরমুখী সড়কে তিন থেকে চার কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিকেল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা অচলাবস্থা কাটাতে চট্টগ্রাম বন্দরে অবস্থান নিয়েছেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আজ দুুপুর সোয়া একটার দিকে আন্দোলনরত শ্রমিকনেতাদের ডেকে বন্দরে সেনাবাহিনী মোতায়েনের কথা জানান। আজ বিকেল চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্দরে সব ধরনের মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, সকাল থেকেই বন্দর এলাকায় আন্দোলনরত শ্রমিকেরা সমাবেশ ও মিছিল করছিলেন।বিকেলে বন্দরে যে শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। মন্ত্রী একটি প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।এদিকে বন্দরের বহিঃনোঙরে থাকা ওসান পার্ল নামে সারবাহী একটি জাহাজ ডুবে যাচ্ছে বলে জানা গেছে। জাহাজটিতে আট হাজার টন ইউরিয়া রয়েছে। বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, বিষয়টি সরেজমিনে দেখার জন্য তাঁরা যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, জাহাজটির তলা ফেটে গেছে। এর আগে গতকাল বিকেলে নৌপরিবহনমন্ত্রী বন্দরে পৌঁছান। সেখানে তিনি গভীর রাত পর্যন্ত বার্থ অপারেটর, বন্দর কর্মচারী পরিষদের সঙ্গে বৈঠক করেন। পরে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিনের বাসায় গিয়েও তিনি বৈঠক করেন।মন্ত্রী গতকাল রাতে ও আজ সকালে আন্দোলনরত শ্রমিকদের বৈঠক করার জন্য ডেকে পাঠালেও তাঁরা সাড়া দেননি।চট্টগ্রাম বন্দর গত সোমবার রাত থেকে আংশিক অচল হয়ে পড়ে। আজ বিকেল চারটা পর্যন্ত অচলাবস্থা বহাল ছিল। বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজে শ্রমিক নিয়োগের পদ্ধতি নিয়ে দুই পক্ষের ভিন্ন অবস্থানের কারণে শ্রমিকেরা ১৬টি মূল জেটির মধ্যে ১২টিতে কাজ বন্ধ করে দিয়েছেন। বন্দর সূত্রে জানা গেছে, নিজস্ব ব্যবস্থাপনায় বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজে বুকিং সেলের মাধ্যমে শ্রমিক নিয়োগ দেওয়া হতো। এখন বেসরকারি বার্থ অপারেটরেরা বন্দরের কার্যক্রম পরিচালনা করেন। তাঁরা বুকিং সেলের মাধ্যমে শ্রমিক নিয়োগ দিতে রাজি নন। তাঁরা নিজেদের মতো করে শ্রমিক নিয়োগ করে কাজ চালাতে চান। এ নিয়ে বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন এবং ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের মধ্যে বিরোধ চলছে। ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ বলেছিলেন, শ্রমিকদের কল্যাণমূলক সুযোগ-সুবিধা বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল, সেটা বাস্তবায়ন করতে হবে। তিনি বুকিং সেল থেকেই শ্রমিক নিয়োগ দেওয়ার দাবি জানান। বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় যেভাবে শ্রমিকেরা কাজ করেছেন, সেভাবেই এখন বার্থ অপারেটরের অধীনে তাঁরা কাজ করতে চাইছেন। কিন্তু আমরা নিজেদের প্রয়োজনমতো শ্রমিক-কর্মচারী নিয়োগ করে কাজ শুরুর চেষ্টা করছি। কারণ বুকিং পদ্ধতির মাধ্যমে শ্রমিক নিয়োগ করা হলে সমস্যা হয়।’