পুলিশ সদর দপ্তর ঘেরাও করবেন সাংবাদিকেরা
রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের অপসারণের দাবিতে আগামী বুধবার সকালে পুলিশ সদর দপ্তর ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকেরা। গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিভাস সাহা নিহত হওয়ার পর ওসি অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ করেছেন বলে অভিযোগ সাংবাদিকদের।বিভাস সাহার ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, যথাযথ ক্ষতিপূরণ ও ধানমন্ডির ওসির অপসারণের দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে পুলিশ সদর দপ্তর ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। অপরাধ-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাবের পাশাপাশি পল্টন মোড়েও সাংবাদিকেরা জড়ো হন। সাংবাদিকদের কর্মসূচির কারণে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রেসক্লাবের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।আজ দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের সামনে ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামান লাভলুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ক্র্যাবের সাধারণ সম্পাদক ইসারফ হোসেন প্রমুখ।সমাবেশের আগে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে হাইকোর্টের সামনের কদম ফোয়ারা হয়ে পল্টন মোড় পর্যন্ত কয়েকবার প্রদক্ষিণ করে।সমাবেশ থেকে কাল বুধবার বেলা ১১টায় পুলিশ সদর দপ্তর ঘেরাও ও পুলিশের মহাপরিদর্শকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিকেরা।