পুলিশ সদস্য ছাড়া তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ হেফাজতে তিন ব্যক্তির মৃত্যুর ঘটনায় সাত দিনের মধ্যে পুলিশের সদস্য ছাড়া তদন্ত কমিটি গঠন করতে হাইকোর্ট স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আরও কিছু নির্দেশও দেওয়া হয়েছে।গত সপ্তাহে পুলিশ হেফাজতে তিনজন ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠে। গত ৩০ জুন গুলশান থানায় মিজানুর রহমান, ২৮ জুন রমনা থানায় বাবুল গাজী এবং ২ জুলাই দারুস সালাম থানার হেফাজতে মজিবুর রহমান মারা যান বলে অভিযোগ পাওয়া গেছে।হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী আসাদুজ্জামান এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান এলিনা খান এসব ঘটনায় আদালতের নির্দের্শ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে বিচারক এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী এবং শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।এ ছাড়া ওই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও দুই সপ্তাহের মধ্যে জানাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষকে ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তদন্ত কমিটি সাক্ষীদের বক্তব্য নেওয়ার সময় নিহত ব্যক্তিদের দুই সন্তানসহ স্থানীয় লোকজনের বক্তব্য নেওয়ার কথা বলেছেন। পাশাপাশি মামলাটি বিচারাধীন থাকায় এ বিষয়ে আপত্তিকর মন্তব্য না করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া তিনটি মৃত্যুর ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং আইনের আওতায় আনার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতে আদালত সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন।পাশাপাশি পুলিশ হেফাজতে মৃত্যু বন্ধে পদক্ষেপ নেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইজিপি, অতিরিক্ত আইজিপি (সদর দপ্তর), ডিএমপি কমিশনার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১১ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।রিটকারীর পক্ষে মনজিল মোরশেদ শুনানি করেন। এদিকে এ বিষয়ে আদালতকে সহায়তা করার জন্য ১১ জন আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।