পুলিশ বাহিনীর সদস্যসহ সরকারি কর্মচারীদের কমে যাওয়া বেতন সমন্বয় করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রথমে কমে যাওয়া বেতন পূরণ করে আগের অবস্থায় আনা হবে। এরপর ন্যূনতম দুই হাজার টাকা বাড়ানো হবে। তাঁরা ১ জুলাই থেকে বাড়তি বেতন পাবেন। ২০০৯ সালের জাতীয় বেতনকাঠামো ঘোষণার পর পুলিশ সদস্যসহ কিছু সরকারি কর্মচারীর মাসিক বেতন কমে গিয়েছিল। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থসচিব মোহাম্মদ তারেক গতকাল সোমবার বেতন সমন্বয়ের প্রস্তাবে সই করেছেন। দু-এক দিনের মধ্যে এটা প্রজ্ঞাপন আকারে জারি হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বকেয়া বেতনও দেওয়া হবে। জানতে চাইলে অর্থসচিব প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের জাতীয় বেতন স্কেলে সংশোধনী আনার মাধ্যমে বেতন সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর ইতিমধ্যে এ প্রস্তাবে অর্থমন্ত্রী অনুমোদন দিয়েছেন।অর্থসচিব বলেন, নতুন বেতনকাঠামোর পর কোনো কর্মকর্তা-কর্মচারীর বেতন বৃদ্ধির পরিমাণ কোনো অবস্থাতেই দুই হাজার টাকার কম হওয়ার কথা নয়। তার পরও বেতন কমে যাওয়ার কিছু অভিযোগ এসেছে। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ঘোষণার পর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুলিশের অধস্তন কর্মচারীদের বেতন যদি নতুন বেতন স্কেলের কোনো ধাপে না মেলে, তাহলে সেই বেতন নিম্নধাপে রেখে নির্ধারণ করতে হবে।’ এ ব্যাখ্যার কারণে কনস্টেবলদের টাইম স্কেল বেতনের ধাপ পরিবর্তনের সময় নিম্নধাপে গিয়ে যুক্ত হয়। যেমন কনস্টেবল আছাদুজ্জামান ১৯৯১ সালের ১ জুন চাকরিতে যোগ দেন। সরকারের নতুন স্কেল অনুসারে তাঁর বেতন হওয়ার কথা সাত হাজার ৪৪০ টাকা। কিন্তু তিনি পাচ্ছেন ছয় হাজার ৮০০ টাকা। এখন তাঁর বেতন সমন্বয় করে স্কেলে না মিললে তাঁকে উচ্চতর ধাপে বেতন দেওয়া হবে।