পুলিশ সদস্যদের বেতন কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অধস্তন সদস্যদের বেতন কমে গেছে। এ কারণে ২০০৪ সালের আগে যাঁরা পুলিশের নিম্নপদে যোগ দিয়েছিলেন, তাঁদের আট থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত সরকারি কোষাগারে ফেরত দিতে হচ্ছে। ২০০৯ সালের জাতীয় বেতনকাঠামো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ জটিলতা সৃষ্টি হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুলিশের অধস্তন কর্মচারীদের বেতন যদি নতুন বেতন স্কেলের কোনো ধাপে না মিলে, তাহলে সেই বেতন নিম্ন ধাপে রেখে নির্ধারণ করতে হবে।’ এ ব্যাখ্যার কারণে কনস্টেবলদের টাইম স্কেল বেতনের ধাপ পরিবর্তনের সময় নিম্ন ধাপে গিয়ে যুক্ত হবে। সারা দেশে সরকারি কর্মচারীদের টাইম স্কেলের ক্ষেত্রে বেতনের উচ্চ ধাপে যুক্ত হলেও পুলিশ কনস্টেবলদের ক্ষেত্রে নিম্ন ধাপে যুক্ত হওয়া নিয়ে পুলিশের কর্মকর্তারাও বিস্মিত। শুধু ধাপ পরিবর্তনই নয়, এখন যেসব পুলিশ কনস্টেবল অবসরে যাবেন, তাঁরাও কম পেনশন পাবেন।পুলিশের অধস্তন সদস্যদের বেতন কমে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক প্রথম আলোকে বলেন, সরকারি নিয়ম হলো নতুন স্কেল ঘোষণার পর সবার বেতন কম করে হলেও দুই হাজার টাকা করে বাড়বে। কিন্তু কারও বেতন কমবে সেটা হতেই পারে না। অন্য কোনো জটিলতা থাকতে পারে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন স্কেল ঘোষণার পর বেতন না বেড়ে কমে যাওয়া নিয়ে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রেঞ্জ ও মহানগর থেকে বিষয়টির উল্লেখ করে পুলিশ সদর দপ্তর ও বিশেষ শাখায় চিঠি পাঠানো হচ্ছে বলে জানা গেছে। জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘বেতনের প্রসঙ্গটি মন্ত্রণালয়ে বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমাদের কথা কেউ শুনছেন না।’সদর দপ্তরের কর্মকর্তারা জানান, এ নিয়ে গত তিন মাসে এক ডজনেরও বেশি চিঠি চালাচালি হয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে প্রতিবারই বলা হয়, তাদের সিদ্ধান্ত ঠিক আছে। সমস্যার সমাধান হচ্ছে না। পুলিশের পাশাপাশি বিভিন্ন জেলার নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তারাও এ বিভ্রান্তি দূর করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।পুলিশ সূত্র জানায়, বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবদুর রহিম গত ১২ মার্চ পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারির কাছে পাঠানো চিঠিতে বাহিনীর সদস্যদের বেতন কমে যাওয়া নিয়ে উদ্বেগের কথা জানান। ওই চিঠিতে তিনি বলেন, সরকার ২০০৫ ও ২০০৯ সালে জাতীয় বেতন স্কেল ঘোষণা করে। ২০০৫ সালের বেতন স্কেলের একটি ব্যাখ্যা পাঁচ বছর পর অর্থ মন্ত্রণালয় এ বছরের ২৫ জানুয়ারি জারি করে। মন্ত্রণালয়ের ওই ব্যাখ্যার কারণেই বিভ্রান্তির সৃষ্টি হয়।বরিশালের অতিরিক্ত কমিশনার তাঁর চিঠিতে জানান, ২০০৯ সালে ঘোষিত জাতীয় বেতনকাঠামো অনুযায়ী পুলিশের বেতন নির্ধারণের জন্য বাহিনীর সদস্যদের সার্ভিস বই নিরীক্ষা কার্যালয়ে পাঠানো হলে তারা ২০০৫ সালের আগের নির্ধারিত বেতন উচ্চ ধাপ থেকে নামিয়ে নিম্ন ধাপে রেখে নির্ধারণ করে। সেই অনুযায়ী ২০০৯ সালের স্কেলের সঙ্গে মিল করে বেতন নির্ধারণ করা হয়। এতে দেখা যায়, ২০০৪ সালের আগে যেসব কনস্টেবল, হেড কনস্টেবল, এএসআই, এসআই, সার্জেন্ট পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন, তাঁদের প্রত্যেককে আট থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ফেরত দিতে হবে। দেখা গেছে, নতুন স্কেলের বকেয়া হিসেবে তাঁরা যা পাবেন, তার চেয়ে কেটে নেওয়ার পরিমাণ হবে অনেক বেশি। আবার যাঁরা টাইম স্কেল পেয়েছিলেন, তাঁদের ক্ষতির পরিমাণ আরও বেশি। কারণ টাইম স্কেলের বেতন নির্ধারণের সময় উচ্চ ধাপ বিবেচনা করে বেতন নির্ধারণ করা হয়েছিল। এখন সেটি নিম্ন ধাপে আনা হচ্ছে। তিনি জানান, বরিশাল নিরীক্ষা কার্যালয় এ সমস্যা সমাধানের জন্য পরপর তিনটি চিঠি দিয়েছে। কিন্তু মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, পুলিশের অর্থ ও বাজেট শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) শাহাব উদ্দীন কোরেশী স্বরাষ্ট্রসচিবের কাছে চিঠি দিয়ে বেতন-জটিলতার কথা জানান। চিঠিতে তিনি বলেন, দেশের সব কর্মচারীর বেতন টাইম স্কেল অনুসারে নির্ধারণ করা হলেও শুধু পুলিশের অধস্তন কর্মচারীদের ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে। এতে বেতন নির্ধারণ ও পেনশন প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ সদস্যরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, অতিরিক্ত মহাহিসাব নিয়ন্ত্রক আবদুস ছামাদ এ জটিলতা দূর করতে অর্থসচিবের কাছে চিঠি দিয়েছেন; কিন্তু সমাধান হয়নি।ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ে নতুন ব্যাখ্যা পাওয়ার পর কয়েকজন পুলিশ সদস্য নিরীক্ষা কার্যালয়ে যান। সেখানে দেখা যায়, তাঁদের বেতন কমে গেছে। কনস্টেবল আছাদুজ্জামান ১৯৯১ সালের ১ জুন চাকরিতে যোগ দেন। সরকারের নতুন স্কেল অনুসারে তাঁর বেতন হওয়ার কথা সাত হাজার ৪৪০ টাকা। কিন্তু তিনি পাচ্ছেন ছয় হাজার ৮০০ টাকা। একইভাবে ’৯৯ সালের ৫ আগস্ট পুলিশে যোগ দিয়েছিলেন কনস্টেবল বদিউল আলম। তাঁর হিসাব বইতে দেখা গেছে, ২০০৫ সালে তিনি বেতন পেতেন তিন হাজার ২৪০ টাকা। এখন তা কমে হয়েছে তিন হাজার ১১০ টাকা। উচ্চতর স্কেলে বেতন পেলে তিনি পেতেন তিন হাজার ৯০০ টাকা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কনস্টেবল রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা উল্টো রাজার দেশে বাস করছি। এখানে কর্মচারীদের বেতন না বেড়ে বরং কমে যায়।’ ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, এটা নিয়ে অনেক দেনদরবার করা হয়েছে, কাজ হয়নি। এখন বাহিনীর অনেক সদস্য মনে করছেন, অর্থ মন্ত্রণালয় বেতনকাঠামো ঠিক করে না দিলে তাঁরা এর বিরুদ্ধে আদালতে যাবেন।সাবেক আইজিপি এএসএম শাহজাহান প্রথম আলোকে বলেন, অন্য সরকারি চাকুরেদের যেমন সুবিধা দেওয়া হয়, পুলিশকেও তা দেওয়া উচিত। সেটা না করলে পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত কাজ পাওয়া যাবে না।