বোমা হামলা, ‘কর্তব্যরত পুলিশ সদস্যদের হত্যা ও তাঁদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা’ ও বড় ধরনের নাশকতার চেষ্টার কারণে পুলিশ গত সোমবার বিএনপির কার্যালয়ে অভিযান চালায় বলে সরকার দাবি করেছে। পুলিশি অভিযান ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে বিএনপির নেত্রী খালেদা জিয়া বক্তব্য দেওয়ার পর গতকাল বুধবার রাতে এক প্রেসনোটে সরকার এই দাবি করে। প্রেসনোটে বলা হয়, গত সোমবার বিএনপির কার্যালয়ের সামনে বিএনপিসহ ১৮ দলীয় জোটের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। এ কর্মসূচিকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সভাস্থলকে কেন্দ্র করে আশপাশে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। সভার শেষ পর্যায়ে সভার কেন্দ্র থেকে আকস্মিকভাবে পরের দিন মঙ্গলবার ১২ মার্চ হরতাল ঘোষণা করা হয়। এর পরপরই বিএনপির কার্যালয়ের সামনে উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা ৮-১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটান। রিকশা ভ্যানে আগুন দেন ও আশপাশের ভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রেসনোটে বলা হয়, পুলিশ দূর থেকে তাদের ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বারবার অনুরোধ জানায়। পুলিশের অনুরোধে সাড়া না দিয়ে তারা আরও মারমুখী হয়ে পুলিশের ওপরে বোমা, ইটপাটকেল নিক্ষেপ অব্যাহত রাখে। একপর্যায়ে তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের ভবনের ছাদে ও সভাস্থলের নিরাপত্তার জন্য কর্তব্যরত পুলিশ সদস্যদের হত্যা ও তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পুলিশ নিজেদের জীবন ও জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার লক্ষ্যে বিএনপির কার্যালয়ে তল্লাশি চালায়। এ সময় বিভিন্ন কক্ষ থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয় এবং এসব নাশকতামূলক তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে উপস্থিত নেতা-কর্মীদের আটক করা হয়।প্রেসনোটে উল্লেখ করা হয়, বিএনপি সরকারের আমলে ২০০৪ সালের ১ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবসহ মূল্যবান কাগজপত্র তছনছ এবং কার্যালয় থেকে শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। ঘটনার সময় কর্তব্যরত সাংবাদিকসহ নিরীহ পথচারী ও অফিসফেরত মানুষ সরকারি নির্যাতনের শিকার হন। এ ছাড়া বিএনপির আমলে ২০০২ সালের ২ অক্টোবর সেনাসদস্যরা ধানমন্ডিতে আওয়ামী লীগের কম্পিউটারাইজড তথ্যকেন্দ্র, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনে (সিআরআই) তাণ্ডব চালিয়ে সেটাকেও তছনছ করেন।