পুলিশ সদস্যের প্রশংসনীয় দৃষ্টান্ত
পুলিশের কতিপয় কর্মকর্তা ও সদস্যের কর্মকাণ্ডে যখন পুলিশ বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ; ঠিক তখনই এসিডদগ্ধ এক কলেজছাত্রীকে জীবনসঙ্গী করে পুরো বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এক কনস্টেবল। তাঁর মহানুভবতায় প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে সর্বস্ব হারানো একটি পরিবার।গতকাল শুক্রবার নোয়াখালী শহরের সোনাপুরের একটি কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই বিয়ের অনুষ্ঠান হয়। পুলিশের ওই কনস্টেবলের নাম মো. জহির উদ্দিন। সোনাপুরের নারায়ণপুর গ্রামের মৃত চৌধুরী মিয়ার ছেলে জহির বর্তমানে ঢাকা মহানগর পুলিশে কর্মরত। কনে সেলিনা আক্তার (১৮) নোয়াখালী সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সেলিনা সদর উপজেলার মতিপুর গ্রামের মৃত সৌরভ হোসেনের মেয়ে। সেলিনার পরিবার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৬ জুন এসিড-সন্ত্রাসের শিকার হন সেলিনার ছোট বোন মাদ্রাসাছাত্রী ফারহানা, বড় বোন রওশন আরা ও তাঁর শিশুপুত্র। ওই ঘটনায় করা মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন এক নম্বর সাক্ষী সেলিনা। এতে ক্ষুব্ধ হয়ে গত ১ মে ভোররাতে ঘুমন্ত অবস্থায় সেলিনার ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা।এসিডদগ্ধ হওয়ার এক সপ্তাহ আগে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যান সেলিনা। সেখানে তাঁকে দেখে পছন্দ করেন কনস্টেবল জহিরের মা নাজমা বেগম ও বোন ঝর্না বেগম। ছেলেকে পাত্রী পছন্দ করার বিষয়টি জানান নাজমা। পাত্রী দেখতে এক সপ্তাহ ছুটিও নেন জহির। এরই মধ্যে সেলিনা এসিড-সন্ত্রাসের শিকার হন। এক মাস নয় দিন চিকিৎসা শেষে মোটামুটি সুস্থ হয়ে বাড়ি ফেরেন সেলিনা। সেলিনা এসিডদগ্ধ হলেও পিছু হটেননি জহিরের মা ও পরিবারের অন্য সদস্যরা। উভয় পরিবার আলোচনা করে বিয়ের দিনক্ষণ ও স্থান ঠিক করেন। সে অনুযায়ী গতকাল জাঁকজমকভাবে জহির ও সেলিনার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।প্রতিক্রিয়া জানতে চাইলে নববধূ সেলিনা প্রথম আলোকে বলেন, ‘খুবই ভালো লাগছে। এটা বলে বোঝাতে পারব না। এত দিন মনে হতো, আমাদের মাথার ওপর বুঝি আকাশ ছাড়া আর কিছুই নাই। এখন বুঝছি, সবই আছে।’ সেলিনা জানান, এসিডদগ্ধ হওয়ার খবর শুনে জহির অনেকবার তাঁকে ফোন করেন। একবার হাসপাতালে দেখতেও গিয়েছিলেন। তিনি সব সময়ই তাঁকে ভরসা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। বর জহির উদ্দিন বলেন, ‘আজ যদি আমার একটা বোনের ওপর এসিড মারা হতো, তাকেও তো বিয়ে দিতে হতো। এ কারণে সেলিনার ওপর এসিড নিক্ষেপের কথা শুনেও পিছপা হইনি। বিয়ে করে তাঁকেই জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিই।’সেলিনার মা মাজেদা খাতুন প্রথম আলোকে বলেন, ‘ছোট মেয়ে ফারহানা এসিডদগ্ধ হওয়ার পর কষ্টে তাঁর বাবাও দুনিয়া থেকে বিদায় নেন। সেলিনা এসিডদগ্ধ হওয়ার পর বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলি। এত কিছুর পর যখন সেলিনার বিয়ে হচ্ছে, তখন সবার কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই চাওয়ার নেই। আল্লাহ যেন তাঁদের দুজনকে সুখী করেন।’