পুলিশ সবই পারে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাস্থলে যাননি। এমনকি মামলার সাক্ষীদের সঙ্গে কথাও বলেননি। অথচ একটি চাঁদাবাজি মামলায় তদন্তকারী কর্মকর্তা মামলার সাক্ষীদের জবানবন্দি আদালতে দাখিল করেছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আসামিসহ এলাকার মানুষ পুলিশের মহাপরিদর্শকসহ পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। জানা গেছে, সদর থানার এসআই মো. দেলোয়ার হোসেন ওই চাঁদাবাজি মামলার তদন্ত কর্মকর্তা। মামলা সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই মো. দেলোয়ার হোসেন তাঁর বিরুদ্ধে আনা এ ধরনের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ঘটনাস্থলে গিয়ে মামলার সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়েছে। সাক্ষীরা হয়তো ভয়ে কিংবা অন্য কোনো কারণে এখন অস্বীকার করছেন। এমন অনেক ঘটনা আছে মামলার সাক্ষীরা আদালতে বিচারকের সামনে গিয়ে পুলিশের কাছে দেওয়া জবানবন্দির কথা অস্বীকার করে থাকেন। সরেজমিন মামলার সাক্ষী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের ওয়াদুদ বিশ্বাসের গরুতে আকছির বিশ্বাসের জমির ফসল খাওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ওয়াদুদ বিশ্বাস আকছির বিশ্বাসের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলায় ১৪ জনকে আসামি করা হয়। কয়েকজন আসামি কিছুদিন জেলহাজতে থেকে জামিন পান। এরই জের ধরে আকছির বিশ্বাস চলতি বছরের ৬ এপ্রিল ওয়াদুদ বিশ্বাসের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলায় চারজনকে সাক্ষী করা হয়। মামলার আরজিতে উল্লেখ করা হয় আসামি আবদুল ওয়াদুদ ও তাঁর সহযোগীরা ৩ এপ্রিল রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁর বাড়ি চড়াও হয় এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. দেলোয়ার হোসেনের ওপর দায়িত্ব দেন। তদন্ত কর্মকর্তা ৮ এপ্রিল সাক্ষীদের জবানবন্দি নেন এবং বাদীর অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে এই মর্মে ১৯ জুন আদালতে প্রতিবেদন দাখিল করেন।সরেজমিন মামলার সাক্ষী আলামিন বিশ্বাসের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে তাঁর মা নূরজাহান বেগম বলেন, ‘পুলিশ কোনো দিন আমাগে বাড়ি আসেনি। খালি খালি ওই ছ্যামরাগুলোর বিরুদ্ধে (মামলার আসামি) একটা মিথ্যে মামলা দেছে।’ অথচ তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে আলামিন বিশ্বাসের জবানবন্দিতে উল্লেখ করেছেন আসামিরা রাত অনুমান আটটার দিকে বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করে অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি দেয়। আসামি ওয়াদুদের হুকুমে অন্য আসামিরা বাদীকে মারতে গেলে বাদীর স্ত্রী ভয়ে ওয়াদুদকে পাঁচ হাজার টাকা দেন। আমি জানি, বিবাদীরা অনেক দিন আগে থেকেই চাঁদা চেয়ে আসছিল।মামলার অন্য সাক্ষী মো. ইয়াকুব আলী বিশ্বাস বলেন, ‘আমার সঙ্গে পুলিশের কোনো কথা হয়নি। এমনকি দেখাও হয়নি।’ অথচ চার্জশিটে এই সাক্ষীর জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে বাদী ও বিবাদী আমার প্রতিবেশী। বাদী ও বিবাদীদের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বাদী ও বিবাদীদের মধ্যে মারামারি হয়। বাদী সেই মামলায় হাজতবাস করে। ঘটনার দিন (৩ এপ্রিল) রাত অনুমান আটটার দিকে ওই পিটিশনের (মামলার) বিবাদীরা বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করে হুমকি দেয় এবং আসামিরা বাদীকে মারতে উদ্যত হলে বাদীর স্ত্রী পাঁচ হাজার টাকা দেন। আসামিরা বাদীকে খাওয়ার সময় এলোপাতাড়িভাবে মারধর করে। আমরা ভয়ে ঠেকাতে যাইনি। মামলার সাক্ষী মো. সুলতান বিশ্বাস বলেন, ‘আমি বাড়িতেই ছিলাম না। পুলিশের সঙ্গে কোনো কথাও হয়নি। শুনিছি আমারে মামলার সাক্ষী করা হইছে।’ অথচ তদন্তকারী কর্মকর্তা মামলার চার্জশিটে এই সাক্ষীর জবানবন্দিতে উল্লেখ করেছেন ঘটনার দিন সে বাড়িতে ছিল, আসামি ওয়াদুদ, ভিকু, তোহিদ, রহিম বিশ্বাস মারাত্মক অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে ঢুকে তাঁকে মারতে গেলে তাঁর স্ত্রী আসামিদের পাঁচ হাজার টাকা দেন। আসামিরা চলে যাওয়ার সময় তাঁকে মারধর করে।মামলার অন্য সাক্ষী আবদুল হালিমকে বাড়িতে পাওয়া যায়নি। গ্রামের সুলতান রহমান (৬৫) ও মো. ইসাহাক মোল্যা (৫৩) জানান, ‘ওয়াদুদ ভালো ছেলে। তাঁর নামে যে চাঁদাবাজি মামলা করা হইছে তা মিথ্যে।’ মাইজপাড়া বাজার বণিক সমিতির সভাপতি প্রণব কুমার কুণ্ডু বলেন, ‘ওয়াদুদ বিশ্বাস ভালো মানুষ। সে চাঁদাবাজ নয়। অনেক দুস্থ মানুষকে সে সহায়তা দিয়ে থাকে।এ ব্যাপারে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যেহেতু তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করা হয়ে গেছে, এ ব্যাপারে আদালতই সিদ্ধান্ত নেবে।’