পুলিশ সুপারদের অধীনে ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা পুলিশ সুপারের অধীনে মাজিস্ট্রেট নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। মহানগর এলাকার মতো জেলা পর্যায়েও নিজেদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চেয়েছেন তাঁরা। একই সঙ্গে জেলা প্রশাসকদের সম্মেলনে পুলিশ নিয়ে নেতিবাচক মন্তব্য দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা কি না, তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছে পুলিশ অ্যাসোসিয়েশন।আজ সোমবার পুলিশ সদর দপ্তরের আয়োজিত বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এসব দাবির কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা প্রশাসকের সম্মেলনে পুলিশ নিয়ে নেতিবাচক বক্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্মেলনে জেলা প্রশাসকেরা পুলিশ বাহিনীর সদস্যদের সম্পর্কে বলেছেন, তাঁরা মাদকব্যবসার সঙ্গে জড়িত। আবার বাহিনীর ওপর নিজেদের নিয়ন্ত্রণও দাবি করেছেন তাঁরা। মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা এ নিয়ে তাঁদের ক্ষোভের কথা কর্মকর্তাদের জানিয়েছেন। এসব নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়, সে কারণে এ সম্মেলন ডাকা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ, অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা, র‌্যাবের মহাপরিচালক ও পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান মাহমুদ খন্দকার, এসবির অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহফুজুল হকসহ সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান মাহমুদ খন্দকার বলেন, জেলা প্রশাসকদের সম্মেলনে পুলিশ নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তা অপ্রত্যাশিত। এ ধরনের মন্তব্যে ভুল বোঝাবুঝির সষ্টির অবকাশ আছে। তবে এ নিয়ে এখন আর কোনো ভুল বোঝাবুঝি হবে না। তিনি বলেন, এটা সম্মেলনের বক্তব্যের কোনো প্রতিবাদ নয়, এটা হলো ওই বক্তব্যের ব্যাপারে পুলিশ অ্যাসোসিয়শনের জানানো প্রতিক্রিয়া।পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ‘পুলিশ সম্পর্কে এ রকম ঢালাও মন্তব্য করে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত। কারও কারও মধ্যে পরিস্থিতি ঘোলাটে করার মতো অবস্থা সৃষ্টির মনোভাব থাকতে পারে।’ তিনি বলেন, ‘পুলিশের সবাই দুর্নীতির সঙ্গে জড়িত—এ রকম ঢালাও মন্তব্য করা ঠিক হয়নি। আমরা জানি, কে কী করছে।’পুলিশের অধীনে কীভাবে ম্যাজিস্ট্রেট কাজ করবে জানতে চাইলে সাধারণ সম্পাদক বলেন, এখন র‌্যাবের অধীনে ম্যাজিস্ট্রেট কাজ করছে। সেভাবে জেলা পুলিশ সুপারদের অধীনে ম্যাজিস্ট্রেটরা কাজ করবেন। তাতে অনেক কাজ দ্রুত করা সম্ভব হবে। তা ছাড়া মহানগর এলাকায় পুলিশ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে। সেটা জেলায় করলে দোষের কী?