পুলিশ সুপারসহ তিনজনকে ৩ আগস্ট হাজির হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানায় এক যুবককে নির্যাতনের ঘটনায় জেলার পুলিশ সুপার, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মুসাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩ আগস্ট তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।একই সঙ্গে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), নারায়ণগঞ্জের পুলিশ সুপার, বন্দর থানার ওসি ও মুসাপুর ইউপির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।প্রসঙ্গত, ২০ জুলাই একটি দৈনিকে ‘প্রেম করে বিয়ে করায় সালিসদারেরা যা করলেন...’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নারায়ণগঞ্জের বন্দর থানার মুসাপুরে প্রেম করে বিয়ে করার অভিযোগে এক যুবককে মারধরসহ নির্যাতন চালানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ রুল জারি করেন।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।