পুলিশ হত্যার জন্য বিরোধীদলীয় নেতার বিচার হবে: শেখ হাসিনা
বিরোধীদলীয় নেতার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান। জামায়াতকে রক্ষার জন্য হরতাল দেন। মানুষ হত্যা করেন। কিন্তু এ বিচার বন্ধ করতে পারবেন না। বরং মানুষ হত্যা ও পুলিশ হত্যার জন্য একদিন আপনার ও আপনার ক্যাডারদের বিচার হবে।’রাজধানীর কামরাঙ্গীরচরের কোম্পানীঘাট মাঠে আজ রোববার এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কামরাঙ্গীরচরে আওয়ামী লীগের আজকের জনসভা নির্বাচনী জনসভায় পরিণত হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই জনসভায় নির্বাচনী আমেজ দেখা গেছে। স্থানীয় সাংসদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে পাশে নিয়ে শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে জনতাকে দুই হাত তুলে ওয়াদা করার অনুরোধ করেন। মুহূর্তেই হাজার হাজার জনতা ‘নৌকা নৌকা’ বলে স্লোগান দেওয়া শুরু করে। এই জনসভার মধ্য দিয়ে রাজধানী ঢাকায় নির্বাচনী প্রচার শুরু করলেন শেখ হাসিনা।জনসভায় শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধীরা স্বাধীনতার কলঙ্ক। আমরা এই কলঙ্কের কালিমা মুছে ফেলতে চাই। একজনের রায় হয়েছে। ইনশাআল্লাহ এই বিচার সম্পন্ন করতে পারব।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীর বিচার শুরু করেছিলেন। কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে এ বিচার বন্ধ করে দেন। যুদ্ধাপরাধীর মুক্তি দিয়ে তাদের রাজনীতিতে পুনর্বাসন করেন। এরই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। এখন তাদের বাঁচাতে রাজপথে আন্দোলন করছেন। মানুষ পুড়িয়ে মারছেন, পুলিশের ওপর হামলা চালাচ্ছেন।’ মহাজোট সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ যাতে বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়, সেভাবে আমরা বাংলাদেশকে গড়ে তুলব।’ তিনি জনতার উদ্দেশে বলেন, ‘নৌকায় ভোট দিলেই মানুষ কিছু পায়। এই নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। আজকে উন্নয়ন পাচ্ছেন।’এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আগামী নির্বাচনে কামরুল ইসলামের শুভকামনা করে সংশ্লিষ্ট আসনে তাঁকে আবারও দলীয় প্রার্থী করার ইঙ্গিত দেন।প্রধানমন্ত্রী কামরাঙ্গীরচর এলাকাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেন। এ ছাড়া একটি মাধ্যমিক ও তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ পুলিশ বাহিনীর জন্য গাড়ি প্রদান করেন।নিবন্ধের জন্য খালেদাকে ক্ষমা চাইতে বললেন আশরাফআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ‘ওয়াশিংটন টাইমস’ পত্রিকায় লেখা নিবন্ধের কড়া সমালোচনা করে তাঁকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খালেদা জিয়া ‘ওয়াশিংটন টাইমস’ পত্রিকায় যা লিখেছেন, তা জাতির জন্য আত্মহত্যার শামিল। নিবন্ধে তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের তৈরি পোশাক না নিতে এবং দেশে রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র তৈরি পোশাক না নিলে দেশের লাখ লাখ নারী শ্রমিকের কাজ বন্ধ হয়ে যাবে।সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা গর্বিত জাতি। কারও দয়ায় দেশ স্বাধীন করিনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কোনো দেশপ্রেমিক অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ কামনা করতে পারে না। এটা রাষ্ট্রদ্রোহিতা।’ তিনি খালেদা জিয়ার উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, ‘আপনি আমার শত্রু নন। রাজনৈতিক প্রতিপক্ষ। আসুন আমরা রাজনৈতিক বিশ্বাসের প্রতিযোগিতা গ্রহণ করি।’ সৈয়দ আশরাফ বলেন, ‘অতীতেও দেশে রাজনৈতিক মতবিরোধ ছিল। কিন্তু বিদেশিরা সমাধান দিতে পারেনি। বাংলাদেশের রাজনৈতিক সমাধান দেশের জনগণ ও রাজনীতিকেরাই করবে। আপনার নিবন্ধ রাজনৈতিক সমাধান দেবে না।’ সৈয়দ আশরাফ খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘আপনি কি চান দেশ যুক্তরাষ্ট্রের উপনিবেশ হোক? আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। যত ক্ষমতাশালী রাষ্ট্রই হোক, কাউকে খবরদারি করতে দেব না।’ তিনি বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় যায়, তখনই স্বাধীনতাবিরোধীরা শেখ হাসিনা ও তাঁর দলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। পশ্চিমা অনেক দেশ দেউলিয়া হলেও বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। তাঁর নেতৃত্বে আমরা মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছি। ঐক্যবদ্ধভাবে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে।’ স্থানীয় সাংসদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তৃতা দেন এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, ফজলে নূর তাপস, বেনজির আহমেদ, নসরুল হামিদ, মোল্লা আবু কাওছার, বদিউজ্জামান সোহাগ প্রমুখ।