বিরোধী দলের নেতা-কর্মীদের দমন করতে এই সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার বিকেলে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।গতকাল রোববার নাসিমন ভবন ও আশপাশের এলাকায় বিএনপি-জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে ৩০ পুলিশসহ শতাধিক আহত হয়। এ হামলার প্রতিবাদে আজ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।বিকেল তিনটা থেকেই নগর বিএনপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। ছোট ছোট মিছিলে দলীয় নেতা-কর্মীরা সমাবেশ স্থলে আসেন। তবে সমাবেশে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। সমাবেশস্থলের আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি র্যাব সদস্যদেরও তত্পর দেখা গেছে।সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রোববার সরকার চট্টগ্রামে যা করেছে, তা ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনগণের ওপর যে নির্মম নির্যাতন চালিয়েছে, তা কোনো সভ্য দেশে হয় না। পুলিশ বাহিনীর একটি অংশকে সরকারদলীয় ক্যাডারের ভূমিকায় নামিয়েছে।’আমীর খসরু আরও বলেন, রোববার শুধু বিএনপি নেতা-কর্মীরা নয়, চট্টগ্রামের অনেক নাগরিক রাস্তায় ছিলেন। রিকশাচালক, দোকান মালিক, ব্যবসায়ী, পথচারী যে যেখানে ছিলেন, সেখানে পুলিশের নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন।প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, এই সরকার দুর্নীতিবাজ সরকার। সুরঞ্জিত সেনগুপ্ত ও আবুল হোসেনকে দুর্নীতি থেকে বাঁচানোর জন্য সরকার দুর্নীতি দমন কমিশনকে দিয়ে তদন্ত করছে। দুদকের তদন্ত দেশের মানুষ গ্রহণ করে না।গতকালের সংঘর্ষের ঘটনা উল্লেখ করে নোমান বলেন, ‘ফ্যাসিবাদী হিটলার মানুষ হত্যার জন্য গ্যাস ব্যবহার করত। গতকাল (রোববার) দলীয় কার্যালয়ের মধ্যে পুলিশ টিয়ার গ্যাস মেরেছে। আমাদেরও মৃত্যু হতে পারত।’সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েল, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত্ হোসেন প্রমুখ।