পুলিশ হেফাজত থেকে কলেজছাত্রী অপহূত
অপহরণ হওয়ার পর উদ্ধার হওয়া এক কলেজছাত্রীকে আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। অপহূত কলেজছাত্রীর ভাই তিমির কান্তি দাস প্রথম আলোকে বলেন, তাঁর ছোট বোন ঝিনাইদহের একটি কলেজে পড়ে। কলেজে যাতায়াতের পথে আরিফ নামের এক যুবক তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার পর আরিফ তাঁর বোনকে অপহরণের হুমকি দেয়। এই ভয়ে তিনি বোনকে ঝিনাইদহ থেকে ঢাকার ইব্রাহীমপুরে তাঁর বোনের বাসায় পাঠান। কিন্তু আরিফ গত বছর ৬ জুলাই তাঁর বোনকে ঢাকা থেকেই অপহরণ করে। এ ঘটনায় তিনি কাফরুল থানায় অপহরণের মামলা করেন। পুলিশ তাঁর বোনকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে। পরে আদালতের আদেশে তাকে মিরপুরের সরকারি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। সোমবার সেখান থেকে একজন আনসার সদস্য তাঁর বোনকে আদালতে নিয়ে আসছিলেন। আদালত চত্বরে আসার পর আরিফ আনসার সদস্যের কাছ থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়।সংশ্লিষ্ট আদালতের বিশেষ কৌঁসুলি ফাতেমা রশিদ বলেন, অপহূত কলেজছাত্রীকে রাজধানীর মিরপুর সরকারি আশ্রয়কেন্দ্র থেকে ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন আদালতে হাজির করার দিন ধার্য ছিল। শুনানির সময় আদালত তার অনুপস্থিতির কারণ জানতে চান। এ সময় আনসার সদস্য ফজলুল হক আদালতকে জানান, আসামি আরিফ ওই কলেজছাত্রীকে কৌশলে নিয়ে যায়। এ কারণে তাকে হাজির করা সম্ভব হয়নি।আদালত সূত্র জানায়, ২৭ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের সরকারি আশ্রয়কেন্দ্র থেকে পুলিশ পাহারায় কলেজছাত্রীকে আদালতে হাজির করার জন্য কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত। কিন্তু থানার পুলিশ ও আশ্রয়কেন্দ্রের লোকজন মাত্র একজন আনসার সদস্যের মাধ্যমে ওই কলেজছাত্রীকে আদালতে পাঠান। গতকাল মঙ্গলবার বিষয়টি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক সাদিকুল ইসলাম তালুকদারের দৃষ্টিতে আনা হলে বিচারক সরকারি আশ্রয়কেন্দ্রের উপসহকারী পরিচালক ও কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বহীনতা, কর্তব্য কাজে গাফিলতি ও উদাসীনতার অভিযোগে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে বলে আদেশ দেন। একই সঙ্গে আদালত কোতোয়ালি থানার পুলিশকে আনসার ফজলুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। তবে অপহূত কলেজছাত্রীকে উদ্ধারের ব্যাপারে কোনো আদেশ দেননি আদালত। পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে অপহূত কলেজছাত্রীকে পাঠানোর জন্য কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মিরপুর সরকারি আশ্রয়কেন্দ্রের উপসহকারী পরিচালকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত। আদালত আগামী ৬ মার্চ তাঁদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেন।মামলার নথিপত্রে দেখা গেছে, ওই কলেজছাত্রী গত বছর ৬ জুলাই শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ থেকে অপহূত হয়। অপহরণকারী আরিফ পরে মেয়েটির খালাতো বোনের মোবাইলে ফোন করে জানায়, অপহূত মেয়ে তার কাছে আছে। এ ঘটনায় গত বছর ১৩ জুলাই ওই মেয়ের বড় ভাই তিমির কান্তি দাস কাফরুল থানায় অপহরণের মামলা করেন। ২০ জুলাই পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। পুলিশ আরিফকে গ্রেপ্তার করে। পরে উচ্চ আদালত থেকে জামিন নেয় আরিফ। সর্বশেষ ২ ফেব্রুয়ারি মহানগর হাকিমের আদালত ওই কলেজছাত্রীকে মিরপুর সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে মেয়েটি সেখানেই ছিল।