পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, দুজন বরখাস্ত
পাবনার ফরিদপুর থানার পুলিশের হেফাজতে গতকাল সোমবার সন্ধ্যায় হাসান আলী (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ওই উপজেলার বিএনবাড়ি ইউনিয়নের আড়কান্দি গ্রামে। এ ঘটনায় ফরিদপুর থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে শিশু অপহরণের অভিযোগে গতকাল সোমবার হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁকে ফরিদপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে যায়। এরপর ফরিদপুর থানার পুলিশ তাঁকে কুষ্টিয়ার ভেড়ামারা থানার পুলিশের কাছে হস্তান্তরের জন্য পুলিশ হেফাজতে রাখে। ফরিদপুর থানা হাজতে গতকাল সন্ধ্যায় হাসানের মৃত্যু হয়।হাসান আলীর বাবা আফসার মোল্লার অভিযোগ, ফরিদপুর থানার পুলিশ তাঁর ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফরের ভাষ্যমতে, গতকাল বেলা একটার দিকে হাসানকে থানায় নিয়ে আসা হয়। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে নামাজে যাওয়ার পথে উপপরিদর্শক (এসআই) আকতারুজ্জামান তাঁকে জানান, হাসান অসুস্থ হয়ে পড়েছেন। ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক হাসানকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা খলিলুর রহমান বলেন, মৃত অবস্থায় হাসানকে হাসপাতালে নিয়ে আসা হয়। গলায় চিকন কালো দাগ পাওয়া গেছে বলে তিনি জানান। তবে ময়নাতদন্তের আগে এ ব্যাপারে সঠিক কিছু বলা যাবে না। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। সদর সার্কেলের এসপি মল্লিক মোহাম্মদ রুহুল ইসলাম জানান, এসআই আকতারুজ্জামান ও কনস্টেবল গোলাম মোস্তফাকে সাময়িকভাবে গতকাল রাতে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে এএসপি মোশাররফ হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।