পুলিশ হেফাজতে তিন মৃত্যুর বিষয়ে হাইকোর্টের ৪ দফা নির্দেশনা
হাইকোর্ট বলেছেন, পুলিশ হেফাজতে বাবুল গাজীর মৃত্যুর ঘটনা সম্পর্কে আগামী ১৯ আগস্ট আদালতে হাজির হয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হলফনামা দাখিল করতে হবে।একই সঙ্গে আদালত বাবুল গাজী সম্পর্কে দেওয়া প্রতিবেদন সম্পর্কে বলেছে, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষককে ওই দিনই আদালতে হাজির হয়ে প্রতিবেদনটি দাখিল করতে হবে।সম্প্রতি রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তিন ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা রিটের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে আদালত আরও দুটি নির্দেশনা দেন।হেফাজতে মৃত্যুর ঘটনায় ফৌজদারি কার্যবিধি অনুসারে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রতিবেদন আকারে ৩ আগস্ট আদালতে দাখিল করতে বলা হয়েছে।এ ছাড়া পুলিশ হেফাজতে তিন ব্যক্তির মৃত্যু সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের চিকিৎসা সম্পর্কিত সব ধরনের তথ্যপ্রমাণ ১৯ আগস্ট দাখিল করতে ঢাকা মেডিকেল কলেজের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা সম্পর্কে হাইকোর্ট বলেছেন, এ ধরনের কার্যক্রম বন্ধ করার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে মানুষ হেফাজতে মৃত্যুকে শুধু ইতিহাস হিসেবেই জানবে।আদালত আরও বলেন, হেফাজতে মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগের নির্দেশনা অনুযায়ী গুলশান ও দারুস সালাম থানার ওসিসসহ ছয়জন আজ আদালতে হাজির হন।তিন ব্যক্তির মৃত্যুর ঘটনায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপপরিদর্শক আনিসুর রহমান, দারুস সালাম থানার ওসি, উপপরিদর্শক মাসুদুর রহমান, সহকারী উপপরিদর্শক সাঈদ, হেকমত উল্লাহ ও মশিউরকে গত ৫ জুলাই আজকের দিনে হাইকোর্টে স্বশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশ হেফাজতে মৃত্যু বন্ধের বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য ১১ আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জানা যায়, গত ৩০ জুন মিজানুর রহমান, ২৮ জুন বাবুল গাজী ও ১ জুলাই মজিবুর রহমান পুলিশ হেফাজতে মারা যান। এসব ঘটনার তদন্ত ও সার্বিক বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী এলিনা খান এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সম্পাদক আসাদুজ্জামান হাইকোর্টে রিটটি করেন।