পুলিশ হেফাজতে মানিক হত্যার অভিযোগে ৩ পুলিশের বিরুদ্ধে মামলা
ঢাকার কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে থাকা মানিক মিয়া ওরফে লুত্ফুরকে হত্যার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার নিহতের বাবা আদু মিয়া ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন।আসামি তিনজন হলেন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুন-উর-রশিদ।বিচারিক হাকিম শাহরিয়ার আরাফাত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। তিনি আইনজীবীদের জানান, এ হত্যার বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ মামলার নথি দেখে পরে আদেশ দেওয়া হবে।মামলার অভিযোগে বলা হয়, ২৭ জানুয়ারি আসামিরা নিহত মানিক মিয়ার বাসায় গিয়ে তাঁর খোঁজ করেন। মানিকের পরিবার খোঁজ করার কারণ জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তারা জানান, মানিকের পাসপোর্ট নিয়ে একটা ঝামেলা হয়েছে। তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা দরকার এবং তাই তাঁকে থানায় যেতে হবে।মানিক এ সময় তাঁর শ্বশুরবাড়ি সিরাজনগরে ছিলেন। পুলিশ সেখান থেকেই মানিক ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। পরের দিন মনোয়ারাকে ছেড়ে দেওয়া হলেও মানিককে আটকে রাখা হয়। পরে ১ ফেব্রুয়ারি পুলিশ মানিকের পরিবারকে জানায় তিনি আত্মহত্যা করেছেন।মানিকের বাবা আত্মহত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, আসামিরা মানিককে হত্যা করে আত্মহত্যার গল্প তৈরি করেছে এবং হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আলামত নষ্ট করে ফেলেছে। বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে এ ঘটনার তদন্ত এবং আদালতের কাছে আসামিদের শাস্তি দাবি করেন।