পুলিশ হেফাজতে মৃত্যুর সংখ্যা অনেক হ্রাস পেয়েছে: মিজানুর রহমান
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘দেশে এখন অতীতের তুলনায় ক্রসফায়ার বা পুলিশি হেফাজতে মৃত্যুর সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। কমিশন মনে করছে, এই সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে।’আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে জাতীয় নাগরিক সম্মেলন ২০১১-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মিজানুর রহমান বলেন, ‘আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হই, তাহলেই দেশে মানবাধিকার নিশ্চিত হবে।’ যেকোনো ব্যাপারে সরকারের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের অধিকারের প্রতি সচেতন থেকে সর্বস্তরে তা নিশ্চিত করার দায়িত্ব পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।মিজানুর রহমান আরও বলেন, দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে আমাদের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমেই তাদের মানবাধিকার নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ যেন রাষ্ট্রের সেবা থেকে বঞ্চিত বা প্রতারিত না হয়। দেশে এমন একটি গণজাগরণ সৃষ্টি করতে হবে, যাতে সাধারণ মানুষই সচেতন হয়ে চিকিত্সক, শিক্ষক, প্রকৌশলী ও সরকারি কর্মকর্তার জবাবদিহিতা নিশ্চিত করে।গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের চেয়ারপারসন ও পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘আমাদের সমাজে দারিদ্র্যের ব্যাপক বিস্তারের মূল কারণ হচ্ছে বাজার অর্থনীতির প্রচলিত ধারায় সৃষ্ট বৈষম্য। এ বৈষম্য দিন দিনই বাড়ছে। সাধারণ মানুষকে এ বৈষম্যের হাত থেকে রক্ষা করতে হবে।’অংশীদারির গণতন্ত্র ও দায়বদ্ধ শাসন-ব্যবস্থা কার্যকর করার দাবিতে ওয়েভ ফাউন্ডেশন, গভর্নেন্স কোয়ালিশন ও লোক মোর্চার যৌথ উদ্যোগে এবং কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ, ইউএনডিপির স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা তোফায়েল আহমেদ, জেলা লোক মোর্চা মাগুরার সভাপতি এম হাবিবুল হাসান, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, গভর্নেন্স কোয়ালিশনের আনোয়ার জাহিদ ও মমতাজ আরা বেগম বক্তব্য দেন। —বাসস।