পুলিশই ককটেল রেখে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে: হান্নান শাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অভিযোগ করেছেন, সরকার আইন অমান্য করে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা, মামলা ও নির্যাতন চালাচ্ছে। গত ১১ মার্চ পুলিশই বিএনপির কার্যালয়ে ককটেল ও অন্যান্য জিনিস রেখে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় হান্নান শাহ এসব কথা বলেন। হৃদয়ে বাংলাদেশ নামে একটি সংগঠন বিরোধী দলের ১৪৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার ও অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে এই সভার আয়োজন করে।হান্নান শাহর অভিযোগ, বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর আদালত পুলিশের চাহিদামতো রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষ হতে না হতেই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এমনকি আদালত অভিযোগপত্র গ্রহণও করেন। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের নেতা-কর্মীদের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হয়, যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তিনি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।সম্প্রতি পুলিশের গুলিতে সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে হান্নান শাহ বলেন, ‘পৃথিবীর কোনো জায়গায় জনতার ওপর পুলিশের নির্বিচারে গুলি করার আইন আছে, তা জানা নেই।’ এ ঘটনাকে ‘গণহত্যা’ ও ‘মানবনতাবিরোধী’ আখ্যায়িত করে তিনি বলেন, এ সরকারের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে। হাজার হাজার জনগণ এর সাক্ষী।দেশের ২০টি জেলায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলেও মন্তব্য করেন হান্নান শাহ। গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গুলির ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এর দায়ভার সরকারকেই নিতে হবে।হূদয়ে বাংলাদেশের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন সেলিমা রহমান, রুহুল আমিন চৌধুরী, ইসমাইল হোসেন বেঙ্গল, শাহজাহান মিয়া, জাহাঙ্গীর হোসেন, সারোয়ার হোসেন খান প্রমুখ।